ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গতকাল সোমবার দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
এতে পাটুরিয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ছয়টার দিকে এ পথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে যাত্রী ও যানবাহন নিয়ে উভয় ঘাট থেকে ছেড়ে আসা মোট তিনটি ফেরি মাঝনদীতে নোঙর করে থাকে। এ ছাড়া পাটুরিয়া প্রান্তে তিনটি ও দৌলতদিয়া প্রান্তে আটটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে পন্টুনে বাঁধা থাকে। ফলে যানবাহন পারাপার বন্ধ হয়ে যায়। এতে পাটুরিয়ায় যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে কুয়াশা কমে গেলে সকাল সোয়া সাতটায় আবার ফেরি চলাচল শুরু হয়।
ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, পারাপার বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়া প্রান্তে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়া যাত্রীরা ভোগান্তিতে পড়েন। যাত্রীদের এই ভোগান্তি বিবেচনা করে ফেরি চলাচল শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে বাসগুলোকে আগে পারাপার করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। তবে দুপুরে তা স্বাভাবিক হয়ে আসে।