ঘন কুয়াশায় নদীতে ছয় ফেরি আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ছয়টি ফেরি আটকা পড়ে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর কুয়াশা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, শনিবার রাতে নদীপথে কুয়াশা পড়তে থাকলে লঞ্চ, ফেরিসহ অন্যান্য নৌযান চলাচলে সমস্যা সৃষ্টি হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত সাড়ে তিনটার দিকে এই নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া রোরো ফেরি শাহ জালাল ও কাবেরী; বনলতা, হাসনাহেনা, শাপলা-শালুক ও চন্দ্রমল্লিকা ইউটিলিটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এ সময় ফেরিগুলোয় যাত্রীবোঝাই ২৫টি দূরপাল্লার নৈশকোচ, পণ্যবাহী ৩০টি ট্রাক ও ১২টি ছোট (ব্যক্তিগত) গাড়ি ছিল। সকাল আটটার দিকে কুয়াশা কাটতে শুরু করলে উভয় ঘাট থেকে ফেরি ছাড়া শুরু হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে শতাধিক দূরপাল্লার নৈশকোচ, পণ্যবাহী দুই শতাধিক ট্রাক এবং পাটুরিয়া প্রান্তে আরিচা-ঢাকা মহাসড়কে অর্ধশতাধিক নৈশকোচ ও ২০০টি ট্রাক পারাপারের জন্য অপেক্ষায় থাকে। দীর্ঘ সময় মাঝনদী ও মহাসড়কে আটকে থাকায় কুয়াশা ও ঠান্ডায় দুর্ভোগের শিকার হয় মানুষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে প্রায় ৫০০টি যানবাহন আটকা পড়ে। তবে ছোট-বড় ১৬টি ফেরি থাকায় চাপ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হবে না।