ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা
ঘন কুয়াশা ও ঠান্ডাজনিত কারণে জয়পুরহাটে বোরো ধানের বীজতলা নষ্ট হতে চলেছে। এ অবস্থায় কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েছেন। বীজতলা রক্ষায় করণীয় বিষয়ে কৃষি কার্যালয় থেকে কৃষকের মধ্যে লিফলেট (প্রচারপত্র) বিতরণ করা হচ্ছে।কৃষকেরা জানান, তীব্র ঠান্ডা ও কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা হলুদ বর্ণ হয়ে মরে যাচ্ছে। আবার অনেক বীজতলার গাছ গজাচ্ছে না, বীজতলাতেই অঙ্কুর মরে যাচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলার ৬৯ হাজার ১৯৯ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণ জমিতে বোরো ধানের চারা রোপণ করতে জেলায় চার হাজার ৩০০ হেক্টরে বীজতলা তৈরি করা হয়েছে।কৃষকেরা জানান, আগামী মাঘ মাসের ১৫-২০ দিনের মধ্যেই বোরো চাষ শুরু হবে। কিন্তু বীজতলার বীজের যে অবস্থা, তাতে আগাম বোরো চাষ করতে পারবেন কি না, এ নিয়ে তাঁরা শঙ্কিত।সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ছাওয়ালপাড়া গ্রামের কৃষক সাধন চন্দ্র দাস জানান, তিনি গত অগ্রহায়ণের ২৫ তারিখে বীজতলা তৈরি করে তিন বিঘা জমিতে বোরো চাষ করার জন্য ২৪ কেজি জিরাশাল ও ব্রি-২৮ জাতের বীজ ফেলেন। ঠান্ডার কারণে অর্ধেকেরও বেশি বীজ নষ্ট হয়ে গেছে।ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের নিজাম উদ্দিন, আক্কেলপুর উপজেলার শাহাদত হোসেন জানান, তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে তাঁদের বীজতলার ৭০-৮০ শতাংশ বীজধান নষ্ট হয়ে গেছে। এখন বাজার থেকে বীজধান কিনে নতুন করে বীজতলা তৈরি করা ছাড়া উপায় নেই।জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ আজাহার আলী জানান, তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার হাত থেকে বীজতলা রক্ষার পরামর্শ দিয়ে লিফলেট বিলি করা হচ্ছে। এই মুহূর্তে বীজতলায় ভোরে ছাই ছিটানো, জিপসাম সার ব্যবহার, সন্ধ্যায় সম্ভব হলে পলিথিনের কাগজ দিয়ে সারা রাত বীজতলা ঢেকে রাখা, গভীর ও অগভীর নলকূপের পানিতে বীজতলা সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বীজের কারণে বোরো চাষ ব্যাহত হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বোরো লাগানোর পর্যাপ্ত সময় রয়েছে। কিছু বীজতলা নষ্ট হলেও নতুন করে বীজতলা তৈরি করে বোরো চাষ করার জন্য পর্যাপ্ত সময় রয়েছে।