ঘন কুয়াশার কারণে গত শনিবার রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাত ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। একই কারণে কাওরাকান্দি-মাওয়া নৌপথে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।এ সময় ‘ফেরি ফরিদপুর’—এ থাকা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মাগুরখণ্ড চ্যানেলের কাছে আটকা পড়েন। পদ্মার মাঝে প্রায় অর্ধশত যাত্রীবাহী বাস নিয়ে সাতটি ফেরি আটকা পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত দুইটার পর কুয়াশার তীব্রতা বেড়ে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ নদীতে ৭০টির মতো যানবাহন ও তিন শতাধিক যাত্রী নিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কেরামত আলী, শাহ পরান, শাহ আলী, আমানত শাহ ও কপোতী নামের ছয়টি ফেরি আটকা পড়ে। পাটুরিয়া ঘাটে এনায়েতপুরী ও কুমারী নামের দুটি এবং ভাষাশহীদ বরকত, শাহ জালাল ও কাবেরী নামের অপর তিনটি ফেরি যানবাহনবোঝাই করে দৌলতদিয়া ঘাটে নোঙর করে থাকে। গতকাল সকাল ১০টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল গত শনিবার দিবাগত রাত একটার পর থেকে বন্ধ থাকে। পরে সকাল সাড়ে নয়টা থেকে ফেরি চলাচল শুরু হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কাওরাকান্দি ঘাট থেকে রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে ‘ফেরি ফরিদপুর’-এ ওঠেন। রাত একটার দিকে ঘন কুয়াশার কারণে ফেরিটি মাঝ পদ্মায় মাগুরখণ্ড চ্যানেলের কাছে আটকা পড়ে। ওই ফেরিতে মন্ত্রীর সফরসঙ্গী যাত্রীবাহী ১১টি ব্যক্তিগত গাড়ি ছিল। এ ছাড়াও পদ্মার মাঝে প্রায় অর্ধশত যাত্রীবাহী বাস নিয়ে পাঁচটি ফেরি নদীর মধ্যে আটকা পড়ে।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বলেন, কুয়াশার মধ্যে নৌপথ দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে উভয় ঘাটে দুই শতাধিক যাত্রীবাহী বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক এম এ বাতেন জানান, গতকাল রাত ১০টার পর থেকে কাওরাকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ডাম্প ফেরি থোবাল, যমুনা, রো-রো ফেরি শাহ মখদুম এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নদীর মধ্যে আটকা পড়ে। মাওয়া থেকে কাওরাকান্দির দিকে ছেড়ে আসা ডাম্প ফেরি রানীক্ষেত, রানীগঞ্জ, রায়পুরা ও ল্যান্টিন ঘন কুয়াশার কারণে নদীর মধ্য আটকা পড়ে। (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আব্দুল মোমিন, মানিকগঞ্জ, রাশেদুল হক, গোয়ালন্দ (রাজবাড়ী) ও জহিরুল ইসলাম খান, মাদারীপুর)