ঘন কুয়াশায় নৌযান চলাচল সাড়ে তিন ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে গতকাল সাড়ে তিন ঘণ্টা দৌলতদিয়া–পাটুরিয়া পথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে দৌলতদিয়া এলাকায় যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়। সকাল নয়টার দিকে তোলা ছবি l প্রথম আলো
ঘন কুয়াশার কারণে গতকাল সাড়ে তিন ঘণ্টা দৌলতদিয়া–পাটুরিয়া পথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে দৌলতদিয়া এলাকায় যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়। সকাল নয়টার দিকে তোলা ছবি l প্রথম আলো

ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল।
এর আগে যানবাহন নিয়ে সাতটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এ ছাড়া উভয় ঘাট এলাকায় নদী পার হওয়ার অপেক্ষায় আটকা পড়ে কয়েক শ গাড়ি। এতে দুর্ভোগের শিকার হয় কয়েক শ মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় থেকে জানা গেছে, গতকাল ভোররাত থেকে পদ্মা নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকায় নৌযান চলাচল ব্যাহত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ভোর পাঁচটার পর থেকে সব নৌযান চলাচল বন্ধ করে দেয়।
এর আগে উভয় ঘাট থেকে গাড়ি নিয়ে ছেড়ে আসা ছোট-বড় সাতটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ফেরিতে বিভিন্ন বাস ও প্রাইভেট কারে প্রায় ১ হাজার ৪০০ জন যাত্রী ছিলেন। এ ছাড়া পণ্যবাহী ট্রাকও ছিল।
মাঝনদীতে ফেরি আটকে থাকার খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে কোনো ফেরি ছাড়েনি। সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কেটে গেলে মাঝনদীতে থাকা ফেরিগুলো ঘাটে ফিরতে থাকে এবং উভয় ঘাটে থাকা ফেরিগুলোও ঘাট ছাড়তে থাকে।
এদিকে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকায় দুই ঘাট এলাকার মহাসড়কে আটকা পড়ে কয়েক শ গাড়ি। সকাল নয়টার দিকে ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি ছিল।
যশোর থেকে ছেড়ে আসা বাসের যাত্রী নিয়ামত সরদার বলেন, ‘মঙ্গলবার (গতকাল) সকাল ১০টায় সাভারের একটি বেসরকারি কোম্পানির চাকরিতে যোগদানের কথা। সোমবার রাত আটটার দিকে সংবাদ পেয়ে ভোররাতেই রওনা দিই। এখন সকাল প্রায় সাড়ে নয়টা বাজে। অথচ ফেরিতেই উঠতে পারলাম না।’ এমন নানা অসুবিধা ও ভোগান্তির কথা জানান আটকে থাকা বেশ কয়েকজন যাত্রী।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, হঠাৎ কুয়াশার কারণে গতকাল ভোরে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে মানুষ। এই নৌপথে ১৬টি ফেরির মধ্যে মাধবীলতা নামের ছোট ফেরিটি প্রায় এক বছর ধরে বিকল অবস্থায় পাটুরিয়ার কারখানায় আছে। অন্যান্য ফেরির মধ্যে প্রতিদিন কোনো না কোনো ফেরি নিয়মিত পরীক্ষা করার জন্য ওয়ার্কশপে রাখতে হয়। এর মাঝে হঠাৎ ঘন কুয়াশা পড়লে বাড়তি দুর্ভোগ পোহাতে হয়।