ঘন কুয়াশায় পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
এদিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনা ও কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তৈরি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট সূত্র জানায়, কুয়াশার কারণে গতকাল ভোর পাঁচটার দিকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘাটের উভয় পাশে কয়েক শ গাড়ির জট সৃষ্টি হয়। মাঝনদীতে ১১টি ফেরিতে কয়েক শ গাড়ি ও যাত্রী আটকে পড়েন। সকাল ১০টার পরে কুয়াশা কাটলে ফেরি চলাচল শুরু হয়।
ফেরিতে আটকে পড়া ঢাকাগামী যাত্রী শায়লা নূর বলেন, প্রচণ্ড কুয়াশা ও শীতের মধ্যে ওই পাঁচ ঘণ্টায় চরম দুর্ভোগ পোহাতে হয়।
গতকাল সকাল ১০টার দিকে শিমুলিয়া ঘাটে মাইক্রোবাসের চালক আফজাল হোসেন বলেন, ‘গত রোববার দিবাগত রাত দুইটা থেকে ঘাটে বসে আছি। এখনো ফেরিতে উঠতে পারি নাই। রাত থেকে গাড়ির সিরিয়াল ও ঘন কুয়াশায় আটকা পড়ে আছি।’
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী বলেন, তীব্র কুয়াশায় দুর্ঘটনা এড়াতে গতকাল ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঝুঁকি এড়াতে মাঝপদ্মার বিভিন্ন স্থানে দুই পাড় থেকে ছেড়ে আসা ১১টি ফেরি নোঙর করে রাখা হয়। সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট কামরুজ্জামান বলেন, রোববার রাতে ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় বাস, ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষ ঘটে। ভাটেরচর এলাকায় বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ১০-১২ জন আহত হন। তাঁরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোমতী সেতু থেকে মেঘনা সেতু পার হয়ে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রোববার দিবাগত রাত তিনটার পর এ যানজটের শুরু হয়। ভোরে কুয়াশা আরও বাড়লে যান চলাচল একেবারে বন্ধ হয়ে পড়ে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কাটার পর গাড়ি চলাচল শুরু হয়। দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।