ঘন কুয়াশায় ফেরি আটকা মাঝনদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া রুটে গতকাল শুক্রবার তিন ঘণ্টা নৌযান চলাচল বন্ধ থাকে। মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটেও পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। দুই রুটেই মাঝনদীতে যাত্রীসহ একাধিক ফেরি আটকা পড়ে।

গতকাল ভোর চারটা থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল নয়টায় চালু হয়। এ সময় মাঝ পদ্মায় আটটি ফেরি নোঙর করে ছিল। ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে তিন শতাধিক যান আটকা পড়ে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএর ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী বলেন, আটকে পড়া ফেরিতে প্রায় এক হাজার যাত্রী ছিল।

কাঁঠালবাড়ি ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, আকস্মিক কুয়াশার সব ঢাকা পড়ে যায়। বয়া, বাতি—কিছুই দেখা যাচ্ছিল না। তাই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় ও পাটুরিয়া ঘাট-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। গতকাল ভোরে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় সামনের

কিছুই আর দেখা যাচ্ছিল না। তাই সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ সময় দুই ঘাট থেকে ছেড়ে আসা রো রো (বড়) ফেরি শাহজালাল ও ভাষাশহীদ বরকত এবং কে-টাইপ (মাঝারি) ফেরি কাবেরী মাঝনদীতে আটকা পড়ে। এসব ফেরিতে ২০টি যাত্রীবাহী বাস ছিল। এ ছাড়া পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি ছিল।

ভাষাশহীদ বরকত ফেরিতে ওঠা সোহাগ পরিবহনের যাত্রী সাদেকুল ইসলাম (৫৫) বলেন, তাঁর বড় ভাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খবর পেয়ে রাতেই যশোর থেকে রওনা হন। কিন্তু কুয়াশায় মাঝনদীতে তিন ঘণ্টা আটকে থাকতে হয়েছে। কনকনে শীতে অন্য সব যাত্রীর মতো তাঁকেও দুর্ভোগে পড়তে হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকার সময় উভয় ঘাটে চার শতাধিক যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। নৌপথের পাটুরিয়া প্রান্তে ১০টি এবং দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে থাকে। পরে নয়টা থেকে নৌযান চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে গতকাল তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় দুর্ভোগ বিবেচনা করে যাত্রীবাহী কোচগুলোকে আগে পারাপার করা হয়।