ঘন কুয়াশায় ফেরি ও বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে গতকাল দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। টাঙ্গাইলের বাঐখোলা এলাকা থেকে সকাল সাড়ে ১০টায় তোলা ছবি l প্রথম আলো
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে গতকাল দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। টাঙ্গাইলের বাঐখোলা এলাকা থেকে সকাল সাড়ে ১০টায় তোলা ছবি l প্রথম আলো

পৌষের শেষ সপ্তাহে এসে শীত নেমেছে। দেশের পূর্ব ও উত্তরাঞ্চলজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। হাড়কাঁপানো শীতের সঙ্গী হয়েছে ঘন কুয়াশা। আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যবেক্ষণ বলছে, ভারত-পাকিস্তান-নেপালসহ বাংলাদেশজুড়ে কুয়াশা বিস্তৃত হয়েছে। সপ্তাহ খানেক এই কুয়াশার প্রভাব থাকতে পারে বলে আবহাওয়াবিদেরা পূর্বাভাস দিয়েছেন।
এদিকে ঘন কুয়াশার কারণে গতকাল ভোরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুই ঘণ্টার বেশি ও কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথে তিন ঘণ্টা ফেরি চলাচল এবং বঙ্গবন্ধু সেতুতে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে বিভিন্ন মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে পথে আটকা পড়ে সীমাহীন দুর্ভোগ পোহায় যাত্রীরা।
আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, আজও শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা থাকবে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাড়ে ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজও একই তাপমাত্রা থাকতে পারে।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গোয়ালন্দ (রাজবাড়ী): বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, কুয়াশার কারণে প্রতিদিনই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কয়েক ঘণ্টা নৌযান পারাপার ব্যাহত হচ্ছে। এ ছাড়া চার দিন ধরে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট বন্ধ। শনিবার বিকল হয় আরও দুটি ফেরি। ফলে উভয় ঘাটে আটকা পড়ছে শত শত যানবাহন।
ওই কার্যালয় সূত্র বলেছে, কুয়াশার কারণে গতকাল দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় ছয়টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এসব ফেরিতে প্রায় ৩৪টি যাত্রীবাহী বাস, ১৫টি পণ্যবাহী ট্রাক ও ১২টির মতো ব্যক্তিগত গাড়ি ছিল। যাত্রী ছিল প্রায় দেড় হাজার। সকাল আটটার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
নারায়ণগঞ্জ: বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটওয়ারী বলেন, গতকাল ফেরির পথ কুয়াশায় ঢাকা পড়লে ভোর পাঁচটা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি পথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যানবাহনসহ পাঁচটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। পারাপারের জন্য দুই পাড়ে আটকা পড়ে পাঁচ শতাধিক যান। কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হয়।
টাঙ্গাইল ও মির্জাপুর: পুলিশ, বাসযাত্রী ও যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর তিনটার দিকে মির্জাপুর উপজেলার গোড়াইয়ে সেতুর ওপর বালুবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়লে মহাসড়কের একদিক দিয়ে যান চলায় ধীরগতি শুরু হয়। ঘন কুয়াশার কারণে এর প্রায় দেড় ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে সাতটার পর এই পথে ধীরগতিতে যান চলাচল শুরু হয়। প্রায় তিন ঘণ্টার এই স্থবিরতায় মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ফলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় আটকা পড়া যাত্রীদের।
গাজীপুর কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বলেন, গোড়াই এলাকায় সেতুতে বিকল ট্রাকটি সকাল সাড়ে ছয়টায় সরিয়ে নেওয়া হয়।
রংপুরগামী একটি বাসের সুপারভাইজার মো. বিপুল বলেন, ভোর চারটায় বাইপাইল থেকে রওনা হন তাঁরা। চন্দ্রা পর্যন্ত মাত্র ২০ মিনিটের রাস্তা পাড়ি দিতে লেগেছে তিন ঘণ্টা। সেখানে থেকে গোড়াই পর্যন্ত ১৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগে আরও দুই ঘণ্টা।
সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী বলেন, ভোরে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সংকেত দেওয়ার পর ভোর ৪টা ২৭ মিনিট থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।