ঘন কুয়াশায় ফেরি ও লঞ্চ চলাচল ৯ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন স্বাভাবিক থাকার পর ঘন কুয়াশার কারণে আবারও গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় নয় ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহনবোঝাই তিনটি বড় ফেরি মাঝনদীতে আটকা পড়ে। যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) এবং ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দিন বিরতির পর বুধবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকলে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। রাত ১২টার দিকে অতি মাত্রায় কুয়াশা পড়তে থাকলে সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর কিছু সময় আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহন ও যাত্রীবোঝাই তিনটি রো রো ফেরি মাঝনদীতে থামিয়ে দেওয়া হয়।
ফলে হরতাল শেষে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক, যাত্রীবোঝাই দূরপাল্লার বাস, প্রাইভেট কারসহ পাঁচ শতাধিক যানবাহন দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে। পাটুরিয়া ঘাটেও প্রায় ৩০০ যানবাহন আটকা পড়ে। গতকাল সকাল নয়টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।