ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে গতকাল বুধবার ভোর থেকে আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে পাঁচটি ফেরি আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং ও বিকন বাতি দেখতে না পাওয়ায় উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় পাঁচটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে। এসব ফেরিতে ৩০টির মতো যাত্রীবাহী বাস, ২৫টি পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান এবং ১০টি ছোট যান ছিল। দুর্ঘটনা এড়াতে গতকাল ভোর পাঁচটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উভয় ঘাটে বিভিন্ন যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে যানবাহনের সারি পাটুরিয়া ঘাট থেকে পাটুরিয়া-উথলী সড়কের দুই কিলোমিটার ছাড়িয়ে যায়। সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশা কমে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়। এ সময় মাঝনদীতে আটকা পড়া ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
এদিকে মাঝনদীতে আটকা পড়া ফেরির যাত্রীরা শীতে দুর্ভোগ পোহান। এ ছাড়া ঘাট এলাকায় আটকা পড়া যানবাহনের যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়। ঘাট এলাকায় শৌচাগার-সংকটের কারণে নারী ও শিশুদের দুর্ভোগ ছিল বেশি।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, কুয়াশার মধ্যে পথ দেখতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ফেরি চলাচল শুরু হলে ধীরে ধীরে যানবাহনের চাপ কমতে থাকে।