ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল সকাল সাতটা থেকে প্রায় তিন ঘণ্টা এবং মাওয়া-কাওরাকান্দি নৌপথে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচল করা সাতটি ও মাওয়া-কাওরাকান্দি নৌপথে ছয়টি ফেরি আটকা পড়ে। এতে সবগুলো ঘাটের পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ও আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহজালাল, শাহ আলী, ইউলিটি টাইপ ফেরি দোলন চাঁপা ও অপরাজিতা প্রায় ৭০টি যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ১০ মিনিট পরই ঘন কুয়াশার কবলে পড়ে সেগুলোকে নদীতে নোঙর করে থাকতে হয়। একই সময় শাহ পরান, কেরামত আলী ও খানজাহান আলী নামের আরও তিনটি ফেরি প্রায় ৫৫টি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে এতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) অর্পণ কুমার চন্দ ও আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎকুমার সাহা প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় তীরে যানবাহনের চাপ বেড়ে গেছে।বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কাওরাকান্দি ঘাট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পথে ফেরিসহ নৌ চলাচল বন্ধ ছিল। ঘন কুয়াশায় নদীর বুকের সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট ও সার্চিং লাইট দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে কাওরাকান্দি ঘাটে দুটি ফেরি, মাওয়া ঘাটে দুটি ফেরি ও মাঝ নদীতে রো রো ফেরিসহ ছয়টি ফেরি দেড় শতাধিক যাত্রীবাহী পরিবহনসহ নোঙর করে রাখা হয়।এতে উভয় পাড়ে দুই শতাধিক যানবাহন আটকে পড়ে। দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে বেলা সাড়ে ১১টার দিক থেকে ফেরি চলাচল শুরু হয়।প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক মানিকগঞ্জ, গোয়ালন্দ (রাজবাড়ী) ও শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।