ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত, দীর্ঘ যানজট
ঘন কুয়াশার কারণে গতকাল বুধবার ভোর পৌনে চারটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রায় পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। একই কারণে কাওড়াকান্দি-মাওয়া নৌপথে মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে প্রায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এই দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় দুই রুটেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কনকনে ঠান্ডায় দুর্ভোগে পড়ে কয়েক হাজার যাত্রী। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ও পাটুরিয়া কার্যালয়ের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে গতকাল ভোর পৌনে চারটা থেকে সকাল পৌনে নয়টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার বন্ধ থাকে। এ সময় দৌলতদিয়া থেকে পাটুরিয়াগামী ফেরি আমানত শাহ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও করবী সাড়ে চার হাজার যাত্রী ও অর্ধশতাধিক যানবাহন নিয়ে মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। এ ছাড়া পাটুরিয়া ঘাটে চারটি এবং দৌলতদিয়া ঘাটে আরও তিনটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে থাকে। কুয়াশা কেটে গেলে সকাল পৌনে নয়টার দিকে ফেরিগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এদিকে দীর্ঘ সময় ধরে পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়। গতকাল সকালে পাটুরিয়া ঘাটে গিয়ে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।বিআইডব্লিউটিসির পাটুরিয়া অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বলেন, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহন পারাপারে বিঘ্ন হচ্ছে। তবে ফেরির সংখ্যা বেশি থাকায় যানবাহন পারাপারে সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে বিআইডব্লিউটিসির মাওয়া ও কাওড়াকান্দি ঘাট কার্যালয়ের বরাত দিয়ে শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কাওড়াকান্দি ও মাওয়া ঘাটের ফেরিগুলো শতাধিক যানবাহন ও সহস্রাধিক যাত্রী নিয়ে নোঙর করতে বাধ্য হয়। এতে বৃদ্ধ, নারী, শিশুসহ কয়েক হাজার যাত্রী শীতে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো চলাচল শুরু করে।