ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। একই কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত মাঝরাত থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে পদ্মার অববাহিকায় কুয়াশা পড়া শুরু হয়। গতকাল ভোর চারটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর কিছুক্ষণ আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় সাতটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। এসব ফেরিতে যাত্রীবাহী বাসসহ ৫০টির মতো যান ছিল। এ সময় পাটুরিয়া প্রান্তে পাঁচটি ও দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে থাকে। সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি ও স্থানীয় সূত্র জানায়, কুয়াশার মধ্যে নৌপথ দেখতে না পারায় দুর্ঘটনা এড়াতে প্রায় প্রতিদিনই ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। এতে পারাপার বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ পড়ে।
শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে গত সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি নৌপথে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়। প্রায় আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়।
শিমুলিয়া ঘাটে যানজটে আটকে পড়া যাত্রী শহিদুল ইসলাম বলেন, ‘খুলনা যাব বলে রাতে দুইটার সময় ঘাটে আসি। আসার পরই দেখি তীব্র কুয়াশা। সারা রাত ঘাটেই বসে ছিলাম। গতকাল বেলা ১১টার দিকে ফেরিতে উঠতে পারি। শীতের ও দীর্ঘ সময় ঘাটে বসে থাকার কষ্ট বলার মতো নয়।’
শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ১৪টির মতো ফেরি চলাচল করে থাকে। কুয়াশার কারণে সব কটি ফেরিকে দুই পাশের ঘাটে বসে থাকতে হয়েছে।