ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে গতকাল মঙ্গলবার ভোর থেকে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে পাঁচটি ফেরি। একই কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। তবে গতকাল ভোর চারটার দিকে কুয়াশা পড়া শুরু হয়। একপর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। ভোর পাঁচটার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথ দেখতে না পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি দুর্ঘটনা এড়াতে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় নোঙর করে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে দেড় শতাধিক যাত্রীবাহী বাস এবং দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়ে। সকাল ১০টা পর্যন্ত যাত্রীবাহী বাসগুলো পাটুরিয়া ঘাট এলাকা ছাড়িয়ে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো পাটুরিয়া টার্মিনালে অপেক্ষায় থাকে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, কুয়াশার কারণে তিন ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে যানবাহনের চাপ বেড়ে যায়। যাত্রীদের দুর্ভোগ বিবেচনা করে বাসগুলোকে আগে পার করা হয়। দুপুর নাগাদ ঘাটে যানবাহনের চাপ স্বাভাবিক হয়।
এদিকে গতকাল ভোর চারটা থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় যানবাহনসহ দুটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। এ ছাড়া শিমুলিয়া ঘাটে পাঁচটি ফেরি যানবাহন নিয়ে অপেক্ষা করছিল। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, আকস্মিক কুয়াশায় ঢাকা পড়ে ফেরি রুট। বয়াবাতি কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল নয়টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।