ঘন কুয়াশায় বন্দরের কার্যক্রম ব্যাহত
ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম বন্দরে গত সোমবার রাতে প্রায় আট ঘণ্টা জাহাজ থেকে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানো হয়নি। কুয়াশা সরে যাওয়ার পর গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আবার পুরোদমে কাজ শুরু হয়।
বন্দর সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঘন কুয়াশার কারণে বিভিন্ন জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দিতে বাধ্য হন এ কাজে নিয়োজিত বেসরকারি অপারেটররা। বন্দরে সাধারণত তিন পালায় আট ঘণ্টা করে ২৪ ঘণ্টায় পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর কাজ হয়। এ হিসাবে এক পালা বা প্রায় আট ঘণ্টা কাজ হয়নি।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘কুয়াশার কারণে জেটি এলাকায় খুব কাছের কিছু দেখা যাচ্ছিল না। এ কারণে সব জেটিতে সোমবার রাত সাড়ে ১১টা থেকে চার ঘণ্টা পর্যন্ত জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। এরপর আংশিক শুরু হলেও সকাল থেকে পুরোদমে শুরু হয়।’
বন্দরের তথ্যে দেখা যায়, গতকাল বন্দরের মূল জেটিতে ১৫টি ও বিশেষায়িত জেটিতে তিনটি জাহাজ অবস্থান করছিল। কুয়াশার কারণে এই ১৮টি জাহাজে আট ঘণ্টা কাজ হয়নি। এর মধ্যে কনটেইনার জাহাজ নয়টি। গম, সার, বিলেট, ক্লিংকারবাহী জাহাজ নয়টি।
বন্দরের দৈনিক প্রতিবেদনে দেখা যায়, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো হয় ৪ হাজার ৫৪৫টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। সাধারণত এখন গড়ে দিনে ছয় হাজারের বেশি কনটেইনার ওঠানো-নামানো হয়।
জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটর, শিপ হ্যান্ডেলিং অপারেটর ও টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শীতের শুরুতে ও শেষে সাধারণত এ সমস্যা হয়। নদীতে কুয়াশা বেশি থাকে। ফলে এ সময় রাতে কম-বেশি কাজের ব্যাঘাত হয়। সোমবার রাতে গভীর কুয়াশার কারণে কাজ হয়নি।’
কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা সি কনসোর্টিয়াম (বাংলাদেশ) লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কুয়াশার কারণে এক হাত দূরের বস্তুও দেখা যাচ্ছিল না। এ কারণে ঝুঁকি এড়াতে আমাদের দুটি কনটেইনার জাহাজ থেকে রাত সাড়ে ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোনো কনটেইনার ওঠানো-নামানো হয়নি।’