ঘন কুয়াশায় চট্টগ্রাম বন্দর জেটিতে পণ্যবাহী কোনো জাহাজ ভিড়তে পারেনি। একইভাবে জেটি থেকে পণ্য খালাস শেষ করেও বন্দর ত্যাগ করতে পারেনি। গত রোববার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ রয়েছে।বন্দর কর্মকর্তারা জানান, প্রতিবছর ঘন কুয়াশায় এই সমস্যা হয়। বিশেষ করে নদীতে জোয়ারের সময় কুয়াশা পড়লে এই পরিস্থিতি তৈরি হয়। বন্দর জেটি ও সমুদ্রের মধ্যে জোয়ারের সময়ই শুধু জাহাজ আসা-যাওয়া করে।বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সকালে ছয়টি পণ্যবাহী জাহাজ বন্দর জেটিতে ভেড়ার কর্মসূচি থাকলেও কুয়াশার কারণে ভিড়তে পারেনি। একইভাবে তিনটি জাহাজ জেটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও জেটিতে রয়ে গেছে। আজ (সোমবার) রাতে জোয়ারের সময় কুয়াশা না থাকলে জাহাজ চলাচল শুরু হবে বলে তিনি জানান।জাহাজ কোম্পানির কর্মকর্তারা জানান, প্রতিটি বিদেশি জাহাজ একদিন বেশি সময় অবস্থানের জন্য গড়ে আট থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ গুনতে হয়। প্রাকৃতিক কারণে জাহাজ চলাচল বন্ধ হলেও এই ক্ষতিপূরণ গুনতে হচ্ছে জাহাজ মালিকদের।