ঘন কুয়াশায় বীজতলার ক্ষতি
উজান-ভাটির উপজেলা কটিয়াদী। প্রতিবছর এখানকার পাঁচটি এলাকায় পৌষ মাস থেকেই শুরু হয় বোরোর আবাদ। কিন্তু চলতি বছর বৈরী আবহাওয়ার কারণে বোরোচাষ পিছিয়ে গেছে। একটানা ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে এবার বোরোর বীজতলায় চারা বাড়ছে না। তা হলুদ বর্ণ ধারণ করেছে। তাই দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। বীজতলা রক্ষায় তাঁরা বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করছেন। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ চিত্র বিদ্যমান।বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কৃষকনেতা মস্তোফা কামাল ও মুক্তিযোদ্ধা আ. মালেক মাস্টার। বীজতলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁরা কৃষি বিভাগের সহযোগিতা কামনা করেছেন। চরপুক্ষিয়া গ্রামের আমিনুল ইসলাম জানান, তীব্র শীতে তাঁর বীজতলায় চারা বিবর্ণ হয়ে গেছে। এই চারা তিনি কাজে লাগাতে পারছেন না।কটিয়াদী উপজেলা কৃষি কার্যালয় জানায়, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ১২ হাজার ৩১ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ৭৮২ হেক্টর জমিতে বোরোর বীজতলা করা হয়েছে। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে ১০ হেক্টর জমিতে বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতের প্রকোপ কেটে গেলে এই অবস্থা থাকবে না।কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত সাহা বলেন, ঠান্ডা আবহাওয়ার কারণে যাঁরা বিলম্বে বীজতলা করেছেন, তাঁদের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোদ উঠলে দু-তিন দিনের মধ্যে তা ঠিক হয়ে যাবে। ফিওভিট ও ইউরিয়া সার ব্যবহার করতে চাষিদের পরামর্শ দেওয়া হয়েছে।