ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শুক্রবার ভোররাত থেকে দিনভর দফায় দফায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। এ ছাড়া ১টি বাস খাদে পড়ে আহত হয়েছেন ১৫ জন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল হঠাৎ বৃদ্ধি পায়। এ ছাড়া গভীর রাত থেকে ঘন কুয়াশার কারণে যানবাহনের গতি একেবারেই কমে যায়। তার ওপর মহাসড়কে মির্জাপুর উপজেলার আছিমতলায় গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকাগামী ইউএস ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে প্রায় ২৫ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে জামুর্কীর মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে আবারও যানজট তীব্র আকার ধারণ করে। এ ছাড়া ঘন কুয়াশার পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েকটি ট্রাক বিকল হওয়াতে যানবাহন চলাচল মারাত্মকভাবে বাধাপ্রাপ্ত হয়। এতে গোড়াই থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
যানজটে দুর্ভোগের বর্ণনা দিতে গিয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানে থাকা মাছ ব্যবসায়ী রহিম তালুকদার ও আলম মিয়া বলেন, সকাল সাতটার দিকে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর ওঠার পরই তাঁরা যানজটে পড়েন। কোনোমতে ঠেলতে ঠেলতে তাঁরা এক ঘণ্টার রাস্তা প্রায় চার ঘণ্টায় পার হয়ে বেলা ১১টায় মির্জাপুর পার হয়েছেন।
পরে পুলিশ বিকল হওয়া ট্রাক রাস্তার ওপর থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়।