ঘন কুয়াশায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে গতকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছয়টি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। সাত ঘণ্টা যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। কনকনে শীতের মধ্যে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন-শ্রমিকেরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পদ্মার অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত তিনটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ ফেরিসহ অন্য নৌযান চলাচল বন্ধ করে দেয়। এর আগে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো (বড়) ফেরি আমানত শাহ, এনায়েতপুরী ও কেরামত আলী, কে-টাইপ (মাঝারি) ফেরি কাবেরী এবং ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। ফেরিগুলোতে অন্তত ৩০টি যাত্রীবাহী কোচ, ২০টি পণ্যবাহী ট্রাক ও ১০টির মতো ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার ও মাইক্রোবাস) ছিল। এ সময় কোচগুলোতে সহস্রাধিক যাত্রী আটকা পড়েন। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া ঘাট প্রান্তে পাঁচটি ও দৌলতদিয়া প্রান্তে আরও পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে গতকাল সকাল ১০টার দিকে ফেরিগুলো ছাড়তে শুরু করে। বর্তমানে এই নৌপথটিতে ছোট-বড় সব মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।

দীর্ঘ সময় নৌযান চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে আটকা পড়ে দুই শতাধিক যাত্রীবাহী কোচ, দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান এবং অর্ধশত বিভিন্ন ব্যক্তিগত গাড়ি। গতকাল বেলা দুইটা পর্যন্ত এসব যানবাহন পাটুরিয়া-উথলী সংযোগ মহাসড়কের প্রায় চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। প্রায় একইসংখ্যক কোচ, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহন দৌলতদিয়া প্রান্তেও আটকা পড়ে।

কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েন মাঝনদীতে আটকা পড়া ফেরিগুলোর যাত্রীরা। সাপ্তাহিক ছুটি থাকায় পরিবারের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মাগুরার শালিখা উপজেলার আরপাড়া গ্রামের বাড়ি যাচ্ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইকবাল হোসেন (৪৫)। গতকাল ‍দুপুরে তিনি মুঠোফোনে বলেন, মাঝনদীতে কুয়াশাচ্ছন্ন চারদিকে কিছু দেখা যায় না। ঠান্ডা বাতাস। খোলা আকাশের নিচে ছয় ঘণ্টা মাঝনদীতে আটকে থেকে শীতে চরম দুর্ভোগ সহ্য করতে হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, দীর্ঘ সময় যানবাহন পারাপার বন্ধ থাকায় পাটুরিয়ায় যানজটের সৃষ্টি হয়। তবে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী কোচগুলোকে আগে পারাপার করা হয়। বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।