ঘন কুয়াশায় ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গত শুক্রবার রাত ১০টা থেকে গতকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা ফেরি, লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ ছিল। এতে দৌলতদিয়া, পাটুরিয়া ও কাওড়াকান্দি ঘাটে যানজটের সৃষ্টি হয়। এই দুই পথে ৮০০ যাত্রী নিয়ে ১২টি ফেরি ও ৩০০ যাত্রী নিয়ে পাঁচটি ট্রলার মাঝনদীতে আটকে ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা পড়তে থাকায় ফেরি চলাচল ব্যাহত হয়। পরে কুয়াশা বাড়তে থাকলে রাত ১০টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি কেরামত আলী, আমানত শাহ ও ভাষাশহীদ বরকত মাঝনদীতে গিয়ে সামনের কিছু দেখতে না পেয়ে নোঙর করে থাকতে বাধ্য হয়। গতকাল সকাল ১০টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিএর আরিচা বন্দরের কর্মকর্তা কবির হোসেন জানান, ট্রলারে যাত্রী বহনের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে পাঁচটি ট্রলার পাটুরিয়া থেকে ছেড়ে আসে। পরে এগুলো মাঝনদীতে আটকে থাকে।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়ায় চারটি ও দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি বাঁধা থাকে।
জানা গেছে, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ১০টার পর মাওয়া-কাওড়াকান্দি পথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দুই শতাধিক গাড়ি নিয়ে নয়টি ফেরি মাঝনদীতে আটকা পড়েছিল।
বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ চৌধুরী জানান, গতকাল সকালে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।