ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-মাওয়া নৌপথে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। গত সোমবার রাত ১২টা থেকে গতকাল মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে উভয় পাড়ে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।গতকাল সকাল আটটার দিকে সরেজমিনে দেখা যায়, কাওড়াকান্দি ঘাটে যাত্রীরা কনকনে শীতের মধ্যে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। বিআইডব্লিউটিসি ও বিআই-ডব্লিউটিএ সূত্র জানায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা নদীতে কুয়াশা পড়তে থাকে। সোমবার রাত ১২টার দিক থেকে ঘন কুয়াশার কারণে দিকনির্দেশক (সিগন্যাল) বাতি দেখতে না পেয়ে রো রো ফেরি ভাষাশহীদ বরকত, ল্যান্টিং ও টাবলু কাওনিয়া চ্যানেলে আটকে যায়। এ সময় কাওড়াকান্দি ফেরি ঘাট এলাকায় কাকলী এবং মাওয়া ঘাটে রামশ্রী ও যমুনা ফেরি নোঙর করে রাখা হয়। শতাধিক যানবাহনে থাকা সহস্রাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। পরে সকাল নয়টার দিকে কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।