প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঘন ঘন বিকল হচ্ছে চলন্ত রেলের ইঞ্জিন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতির কারণে রেল কর্তৃপক্ষ সারা দেশে সব ধরনের ট্রেনের গতি কমিয়ে আনতে গত সপ্তাহে এ নির্দেশনা দেয়। এখন দিনের বেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটারের পরিবর্তে ৪০ কিলোমিটার বেগে ট্রেন চলছে। তবে রাতের দিকে তাপমাত্রা কমে আসা সাপেক্ষে গতি কিছুটা বাড়ানো হয়।
রেলওয়ে সূত্র জানায়, মাত্রাতিরিক্ত তাপপ্রবাহের কারণে রেললাইনও বেঁকে যাচ্ছে। তাই কর্তব্যরত রেলকর্মীদের লাইনে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেঁকে যাওয়া লাইনে ইঞ্জিন ও কোচ লাইনচ্যুত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
রেলওয়ে সূত্র জানায়, ১ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পূর্বাঞ্চলে ৫৭ বার চলন্ত ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এমনিতে মাসে গড়ে ১৮ বার ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৩৫ বার বিকল হয়েছে। মাত্রাতিরিক্ত তাপপ্রবাহের কারণে মার্চ ও এপ্রিলে ইঞ্জিন বিকলের ঘটনা বেড়ে গেছে। গত মার্চে সর্বোচ্চ ৩৫ বার ইঞ্জিন বিকল হয়। আর ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিকল হয়েছে ২২ বার।
রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মাত্রাতিরিক্ত তাপপ্রবাহের কারণে আমরা চলন্ত ট্রেনের গতি ৪০ কিলোমিটারে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছি। রেললাইনে নজরদারি বাড়ানোর জন্য কর্তব্যরত কর্মীদের সতর্ক থাকতে বলেছি, যাতে এ ধরনের ঘটনা নজরে এলে নিয়ন্ত্রণকক্ষে বার্তা দিয়ে সহযোগিতা করা হয়।’
ঘন ঘন ইঞ্জিন বিকলের কথা স্বীকার করে তিনি বলেন, গরমের কারণে ইঞ্জিনও বিকল হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, ঘন ঘন ইঞ্জিন বিকলের কারণে ট্রেনের সূচি ঠিক রাখতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। সাধারণত পূর্বাঞ্চলে কমপক্ষে ১২০টি ইঞ্জিনের প্রয়োজন। কিন্তু গড়ে প্রতিদিন ১০০টির বেশি সচল ইঞ্জিন পাওয়া যাচ্ছে না।
রেলের যন্ত্রকৌশল বিভাগের প্রকৌশলীরা জানান, রেলের ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য প্রতিটি ইঞ্জিনে ৬০০ থেকে ৮০০ লিটার পানি নেওয়া হয়। মাত্রাতিরিক্ত গরমের কারণে ইঞ্জিনের পানিও টগবগ করে ফুটছে। এতে ঝুঁকি আরও বাড়ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ মকবুল আহাম্মদ বলেন, তাপপ্রবাহের কারণে রেলের ইঞ্জিন বিকলের হার বেড়ে গেছে।