ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে নাকাল নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিডিবি সূত্র জানায়, চট্টগ্রামে লোডশেডিং তেমন নেই। কিন্তু সরবরাহ লাইন জীর্ণশীর্ণ হওয়ার কারণে ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাট হচ্ছে। গরম বাড়লে স্বাভাবিকভাবে বিদ্যুতের চাহিদা বাড়ে। ওই সময় সরবরাহ লাইনগুলোও অতিরিক্ত বিদ্যুৎপ্রবাহের চাপ নিতে পারে না। গত শুক্রবার চট্টগ্রামে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

পিডিবি লোডশেডিং নেই দাবি করলেও শুক্রবার ছুটির দিনেও বিদ্যুৎ-বিভ্রাটের হাত থেকে রেহাই পাননি নগরবাসী। নগরের লাভলেইন এলাকার ভুক্তভোগী স্কুলশিক্ষক বিবি মরিয়ম জানান, শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত কমপক্ষে ছয়বার বিদ্যুৎ চলে যায়। প্রতিবারই সর্বনিম্ন ২ মিনিট থেকে সর্বোচ্চ ৪০-৪২ মিনিট পর্যন্ত তাঁর বাসায় বিদ্যুৎ ছিল না। তিনি বলেন, ‘বিদ্যুৎ-বিভ্রাটের কারণে বাড়ির রিজার্ভার থেকে ছাদে নিয়মিত পানি তোলা সম্ভব হয় না। এই গরমে বিদ্যুৎ ও পানি ছাড়া কি থাকা যায়?’

নগরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একবার বিদ্যুৎ চলে গেলে পাঁচ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত থাকে না। রোদের তাপ বাড়লে বিদ্যুতের ভেল্কিবাজি বেড়ে যায়।’

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটের কারণ সম্পর্কে পিডিবি চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মৃণাল কান্তি সেন বলেন, চট্টগ্রামে পুরোনো লাইন সরিয়ে নতুন লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পটি শেষ হলে বিদ্যুৎ-ব্যবস্থার উন্নতি হবে।

পিডিবি সূত্র জানায়, প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৯ সাল নাগাদ শেষ হবে। ওই প্রকল্পে বিদ্যুতের কয়েকটি সাবস্টেশনও তৈরি করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিডিবির এক কর্মকর্তা বলেন, ‘পাঁচ বছর সামনে রেখে পিডিবি তার উন্নয়ন পরিকল্পনাগুলো করে। এতে প্রকল্প শেষ হতে না-হতেই নতুন সমস্যা উপস্থিত হয়। আরেকটু দীর্ঘ মেয়াদে পরিকল্পনা নেওয়া গেলে গ্রাহকদের বিদ্যুৎ-বিভ্রাটের মধ্যে পড়তে হতো না।’