এ মাসের মধ্যে সঞ্চয়পত্রের মুনাফা পুনর্নির্ধারণ: অর্থমন্ত্রী
ঘন ঘন ব্যবসায়িক নীতি পরিবর্তন করবেন না: এমসিসিআই

নতুন বছরের প্রথম কার্যদিবসে সরকারের দুই মন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের ব্যবসার সমস্যার কথা তুলে ধরেছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) নেতারা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে মেট্রো চেম্বারের নেতারা ব্যাংকঋণের সুদের হার একক অঙ্কে নামিয়ে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি সঞ্চয়পত্রের মুনাফা ও জমির দাম কমানো এবং বড় বড় অবকাঠামো প্রকল্পে ব্যক্তি খাতের বিনিয়োগকারীদের যুক্ত করারও আহ্বান জানান।
অন্যদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে ব্যবসায়ী নেতাদের দাবি ছিল, সরকার যেন ঘন ঘন ব্যবসার নীতি ও কৌশল পরিবর্তন না করে। কারণ, ঘন ঘন নীতি-কৌশল পরিবর্তন করা হলে তাতে বিনিয়োগকারীরা ভয়ের মধ্যে থাকেন।
মেট্রো চেম্বারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল গতকাল রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করে লিখিতভাবে এসব দাবি ও পরামর্শ তুলে ধরে। নাসিম মঞ্জুর বলেন, দেশে ব্যবসা পরিচালনার ব্যয় বা খরচ দিন দিন বেড়ে যাচ্ছে। অথচ এই মুহূর্তে দেশে উচ্চ বিনিয়োগ দরকার। যদি ব্যাংকঋণের সুদহার একক অঙ্কে নামিয়ে আনা যায়, তাহলে কাঙ্ক্ষিত বিনিয়োগ হবে।
মেট্রো চেম্বারের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্রের মুনাফার হার অনেক বেশি। এই হার কমানোর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। চলতি মাসের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, সরকার সব সময় সঞ্চয়পত্রের মুনাফার হার পরিবর্তন করে থাকে। সাধারণত দু-তিন বছর পরপর এটি করা হয়। কিন্তু এখন থেকে প্রতি তিন বা ছয় মাস পরপর বাজারের সঙ্গে সংগতি রেখে এই মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।
অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মেট্রো চেম্বারের সাবেক সভাপতি আনিস উদ দৌলা বলেন, ভারতের গোদরেজ রাজশাহীতে কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা গ্যাসের সংযোগ পায়নি। এ সময় তিনি আরও অভিযোগ করেন, ব্যবসায়ীদের কাছ থেকে মূসক (মূল্য সংযোজন কর) আদায়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থা র্যাবকে মাঠে নামানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এটা খুবই দুঃখজনক। সরকারের উচিত এখনই এ ধরনের পরিকল্পনা বা সিদ্ধান্ত বন্ধ করা।
মেট্রো চেম্বারের সদস্য ও এসকেএফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সিমিন হোসেন বলেন, গ্যাসের অভাবে উৎপাদনশীল শিল্পে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: মেট্রো চেম্বারের নেতারা বাণিজ্যমন্ত্রীকে বলেন, ঘন ঘন ব্যবসার নীতি ও কৌশল পরিবর্তন হওয়ায় বিনিয়োগকারীরা ভয়ের মধ্যে থাকেন। জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এটা সত্য, এর ফলে ব্যবসায়ীদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়। তবে বাণিজ্য মন্ত্রণালয় ঘন ঘন নীতি পরিবর্তন করে না, ভবিষ্যতেও করবে না।
তোফায়েল আহমেদ আরও বলেন, নিয়মিত ঋণ শোধ করলে ২০১৫ সালে ব্যবসায়ীদের যে সুবিধা দেওয়ার কথা বাংলাদেশ ব্যাংক বলেছিল, তা এখন সংশোধন করে বলা হচ্ছে ২০১৬ সালে প্রযোজ্য হবে। এতে ব্যবসায়ীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ও অবিশ্বাস তৈরি হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছেন, অর্থমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন।
বৈঠকে বাণিজ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, জাতীয় রাজস্ব বোর্ড মাঝেমধ্যে নীতি, কৌশল ও শুল্ক সম্পর্কে এমন কিছু সিদ্ধান্ত নেয়, যেগুলো অনুমান করা যায় না। তবে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে সতর্ক বলে তিনি জানান। বাণিজ্যসচিব বলেন, আগামী এক মাসের মধ্যে কোম্পানি আইন যুগোপযোগী করতে খসড়া তৈরি করা হবে। তিনি এ বিষয়ে চেম্বার নেতাদের সহায়তা চান।
বৈঠকে কোম্পানি আইন যুগোপযোগী করা, গ্যাস-সংকট নিরসনে জরুরি ব্যবস্থা গ্রহণসহ ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানান ব্যবসায়ী নেতারা। তাঁরা বলেন, ব্যবসায়িক আস্থার দিক থেকে বাংলাদেশের অবস্থানের উন্নতি হচ্ছে, কিন্তু বিনিয়োগ সক্ষমতা কমছে।
ব্যবসায়ীদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ব্যবসাবান্ধব। আমি ব্যবসায়ীদের পক্ষে কাজ করব, আমার মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয় হলেও সেটি আমরা করব। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, ২০১৬ সাল ভালো যাবে। ২০১৫ সালে তিন মাসের বেশি অবরোধ ও সহিংসতার পরও আমাদের অগ্রগতি ব্যাহত হয়নি।’
ওষুধশিল্পকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার এই খাতের উন্নয়নে সব রকম সহায়তা করছে ও করবে। এ সময় তিনি যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়কে ‘পেপারলেস বা কাগজবিহীন’ করার উদ্যোগের কথা জানান। তিনি বলেন, সবকিছুই অনলাইনে সম্পন্ন হবে। তাতে মানুষের হয়রানি ও ভোগান্তি কমবে।
বৈঠকে এমসিসিআইয়ের সহসভাপতি আখতার মতিন চৌধুরী, চেম্বার নেতাদের মধ্যে এসকেএফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন, পিকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, আইসিই টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত জামিল, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটের জ্যেষ্ঠ অংশীদার নিহাদ কবির, পূবালী জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরান টি রহমান, টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম, এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঙ্কোয়েস ডি মেরিকোর্ট প্রমুখ বক্তব্য দেন।