ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সব অনুষদের চূড়ান্ত পরীক্ষা ছিল গতকাল সোমবার। পরীক্ষা চলাকালে সাতবার লোডশেডিং হওয়ায় পরীক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে বাধ্য হন। কোনো কোনো অনুষদে ১৫ থেকে ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হন কর্তব্যরত শিক্ষকেরা। ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে একযোগে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লোডশেডিংয়ের কারণে কোনো কোনো অনুষদে ১৫ থেকে ৪০ মিনিট পরে পরীক্ষা শুরু হয়। আবার কোনো কোনো অনুষদে পরীক্ষা শুরু হলেও আলোর স্বল্পতার কারণে বাধ্য হয়ে কিছু সময়ের জন্য পরীক্ষা স্থগিত রাখা হয়। পরে সময় বাড়িয়ে দিয়ে পরীক্ষা স্থগিত রাখার ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আবার দু-একটি অনুষদে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেন পরীক্ষার্থীরা। কৃষি অনুষদের পরীক্ষার্থী সুবহা, তমা, অমিত মালায়ন; মাৎস্যবিজ্ঞান অনুষদের নাহিদ, সালমা এবং কৃষি অর্থনীতি অনুষদের ছোঁয়া ও লিখন বলেন, বিশ্ববিদ্যালয়ে লোডশেডিং এখন নিয়মিত ঘটনা। এটি তাঁরা মেনে নিলেও পরীক্ষা চলাকালে এতবার লোডশেডিংয়ের বিষয়টি তাঁরা মানতে পারছেন না। তাঁরা বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। ময়মনসিংহ ১১ কেভি সঞ্চালন লাইনের নিয়ন্ত্রক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাধ্য হয়ে এমনটি করা হয়েছে।