ঘন ঘন লোডশেডিং জনজীবন দুর্বিষহ
মৌলভীবাজার ও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঘন ঘন লোডশেডিং দেওয়া হচ্ছে। ফলে গত কয়েক দিনের ভাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।বিদ্যুৎ না পেয়ে অতিষ্ঠ মৌলভীবাজারের মানুষ। অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। গত সোমবার রাতে প্রথম রোজার তারাবির নামাজের সময় জেলা শহরের বিভিন্ন এলাকা এবং পল্লী বিদ্যুতের আওতাভুক্ত কিছু এলাকায় বিদ্যুৎ ছিল না। মসজিদে নামাজ পড়তে গিয়ে অনেকেই গরমে অসুস্থ হয়ে পড়েন। শহরতলির হিলালপুর এলাকার বাসিন্দা সালেহ এলাহী বলেন, ‘কালকে (সোমবার) কতবার যে বিদ্যুৎ গেছে, তার হিসাব রাখা সম্ভব হয়নি।’ মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস রোডের উমা রায় বলেন, ‘গরমে বাসায় টিকে থাকার উপায় নেই।’সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকার শামসুন্নাহার বলেন, ‘বাচ্চাদের পরীক্ষা চলছে। তাদের পড়তে বসার কথাও বলতে পারছি না।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, ‘লোডশেডিংয়ের কারণে মানুষের প্রচণ্ড কষ্ট হচ্ছে।’ তিনি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানান।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি মৌলভীবাজার কার্যালয় সূত্র জানিয়েছে, চাহিদার অর্ধেকও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে লোডশেডিং দেওয়া হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি মৌলভীবাজার কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রাজ্জাকুর রহমান বলেন, ‘বিদ্যুতের জন্য মানুষ ফোন করে। তাদের কষ্ট বুঝি। কিন্তু আমাদের কিছুই করার থাকে না।’অন্যদিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুতের নাজুক পরিস্থিতি চলছে। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে। এর বাইরে যান্ত্রিক ত্রুটির অজুহাতে ঘণ্টর পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ করে রাখা হচ্ছে।গত সোমবার তারাবির নামাজ ও সেহরির সময়ে বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছেন অনেক গ্রাহক।নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার বলেন, ‘এলাকাটি ময়মনসিংহ জেলার ভেতরে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয় কিশোরগঞ্জ থেকে। তাই বৈষম্য হচ্ছে।’কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল কালাম আজাদ বলেন, ‘এলাকার বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রিত হয় কিশোরগঞ্জ থেকে। এ ক্ষেত্রে আমার কিছুই করার নেই।’