ঘন ঘন লোডশেডিং দুশ্চিন্তায় কৃষক
বোরো মৌসুমের শুরুতেই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বগুড়ার দুপচাঁচিয়ার কৃষকেরা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মৌসুমে দুপচাঁচিয়া উপজেলায় ১৩ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩৯৬টি গভীর ও ৭৫০টি অগভীর নলকূপের মাধ্যমে এসব জমিতে সেচ দেওয়া হবে।কৃষকেরা বলেন, মৌসুমের শুরুতেই শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। এতে তাঁরা সময়মতো সেচ দিতে পারবেন কি না, এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন।উপজেলা কৃষি কর্মকর্তা তাহেরুল ইসলাম বলেন, বোরো মৌসুমের শুরুতে যেভাবে লোডশেডিং হচ্ছে, তাতে তাঁরাও সেচ নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছেন। তিনি জানান, এই মৌসুমের চাষাবাদ পুরোটাই সেচের ওপর নির্ভরশীল। দুপচাঁচিয়া বিদ্যুৎ সরবরাহ কার্যালয় জানায়, দুপচাঁচিয়া বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রটি (সাবস্টেশন) তিনটি ফিডারে বিভক্ত করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রতিটি ফিডারে কমপক্ষে আড়াই মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সম্প্রতি উপকেন্দ্রটি ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) ঢাকা কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয়। এরপর দিনে এক থেকে দেড় মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ কারণে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং দিয়ে পর্যায়ক্রমে ফিডার সচল রাখা হয়।উপজেলার লালুকা গ্রামের গভীর নলকূপের মালিক খলিলুর রহমান বলেন, দিনে বিদ্যুতের যে অবস্থা তাতে সেচযন্ত্র চালু করা যায় না। রাতে চালু করলেও বিদ্যুৎ যাওয়া-আসা করার কারণে সব সময় সেচযন্ত্রের কাছে লোক রাখতে হয়। তিনি বলেন, মৌসুমের শুরুতে দিনে রাতে সমভাবে সেচযন্ত্র চালু রাখা না গেলে জমিতে ঠিকমতো পানি দেওয়া যাবে না। এ কারণে এবার আগেভাগে মৌসুম শুরু করা যাবে না।উপজেলার সঞ্জয়পুর গ্রামের কৃষক জিল্লুর রহমান বলেন, ‘এক সপ্তাহ হলো আলু তুলিছি, এখনো জমিত পানি যায়নি। আগেভাগে জমিত হাল দিবার পারলে ধানের ফলন ভালো হয়।’দুপচাঁচিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী রেজাউল করিম তালুকদার বলেন, এই উপকেন্দ্রের বিদ্যুতের চাহিদা ৮ মেগাওয়াট। কিন্তু বিদ্যুতের বরাদ্দ মাত্র এক থেকে দেড় মেগাওয়াট। এতে কোনো কোনো সময় উপকেন্দ্রের একটি ফিডারও চালু রাখা যায় না।