ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে লাখো মানুষ
ব্রাহ্মণবাড়িয়ায় গত কয়েক দিনে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। দিনে কম হলেও রাতের বেলা চার থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে জেলা শহরের এক লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তবে এ কারণে রমজান শুরু হওয়ার পর থেকে ইফতার, তারাবির নামাজ ও সাহ্রি খাওয়ার সময় রোজাদারদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।
লোডশেডিং হওয়ার সত্যতা নিশ্চিত করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা বলেন, সরবরাহ কম, সরবরাহ লাইনের ত্রুটি ও অত্যধিক গরমের কারণে এখন লোডশেডিং বেড়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার সজিবুর রহমান ও ফারুক ইসলাম বলেন, ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করায় তাঁদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাতে বিদ্যুৎ গেলে এক থেকে দেড় ঘণ্টা পর আসে। আবার ১০-১৫ মিনিট পর চলে যায়, ফের ঘণ্টাখানেক পরে আসে।
শহরের বাগানবাড়ির রাসেল আহমেদ বলেন, ‘আমাদের এলাকায় প্রতিদিন ছয়-সাতবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। প্রতিবারই এক ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ থাকে না। সকাল, বিকেল ৩টা থেকে ৫টা, রাত ৯টা থেকে ১১টা এবং মধ্যরাতে লোডশেডিং এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।’
শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা এ এইচ এম নাহিদ কবির, আল আমিন, গৃহিণী শাহিনা আক্তারসহ অনেকেই বলেন, গত সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। রাতে অন্ধকারের মধ্যেই সাহ্রি খেতে হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য সোমবার দিনগত মধ্যরাতে পিডিবি কার্যালয়ের ল্যান্ডফোন ও নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে অসংখ্যবার ফোন দিলেও কেউই ফোন ধরেননি।
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কলেজপাড়ার বাসিন্দা নূপুর আক্তার বলেন, ‘বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ লাগছে। রোজা রেখে দিনভর ছোট ছেলেমেয়েদের পড়িয়ে বাড়িতে গৃহস্থালির কাজে ব্যস্ত থাকতে হয়। এর মধ্যেই বিদ্যুৎ গেলে আর আসে না। রমজান মাসের শুরুতেই লোডশেডিংয়ের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তিন দিন ধরে বিদ্যুতের সমস্যা খুব বেশি হচ্ছে।’
মুন্সেফপাড়া এলাকার বাসিন্দা তৌফিকা ইসলাম বলেন, ৬ জুন সকাল সাড়ে ৫টা থেকে ৭ জুন তাঁদের এলাকায় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে গেছে বলে জানানো হয়। এরপর তারা আর কোনো খবর নেয়নি।
কলেজছাত্রী শ্রাবন্তী রায় বলেন, ‘জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই দুঃসহ গরমের সঙ্গে দিনে-রাতে চলছে ভয়াবহ লোডশেডিং। এতে বড়দের পাশাপাশি ছোট বাচ্চাদের চরম কষ্ট হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে পড়াশোনা ভালো করে করতে পারি না।’
পিডিবির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় (বিতরণ বিভাগ) সূত্রে জানা গেছে, জেলা শহরে বিদ্যুতের ৬৫ হাজার গ্রাহক রয়েছেন। দিনের বেলায় জেলায় বিদ্যুতের চাহিদা ২৫ মেগাওয়াট। এই চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২০ মেগাওয়াট। রাতের বেলায় ৩০-৩৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২০-২৫ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে।
লোডশেডিংয়ের বিষয়ে পিডিবি ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিতরণ বিভাগ) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘অত্যধিক গরমের কারণে মানুষের চাহিদা বেশি। এ ছাড়া গরমে ওভারলোড হওয়ার কারণে ট্রান্সফরমার বিকল ও বিদ্যুতের তার নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে জাতীয় গ্রিড থেকে গড়ে ৩০ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ২০ মেগাওয়াট। এসব কারণে শহরে লোডশেডিং একটু বেশি হচ্ছে। তবে আমরা শহরবাসীর ভোগান্তি দূর করার চেষ্টা করছি।’