একসময় বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ঘনিষ্ঠ ছিলেন তাঁরা তিনজন। ঘটনাক্রমে তিনজনই এবার ধুনট পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিন প্রার্থীর মধ্যে একজন আওয়ামী লীগের, একজন বিএনপির ও অন্যজন স্বতন্ত্র প্রার্থী।
এই তিনজন মেয়র পদপ্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র এ জি এম বাদশা এবং পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দীন হারুন মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দীন হারুন মণ্ডল স্বাধীনতার পর ছাত্রলীগের রাজনীতি করতেন। একসময় ধুনট ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হন। তিনি ১৯৮৮ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের আন্দোলনের সময় আবারও আওয়ামী লীগে ফিরে আসেন। পরে রাজনীতিতে সক্রিয় হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দুবার এবং ধুনট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও নির্বাচিত হন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ফেরদৌসজামান মুকুলের পক্ষে ভোট করায় তাঁকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর ২০০৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন এবং পরে বিএনপিতে যোগদান করেন। রাজনৈতিকভাবে পরিচয় দিতে পৌর বিএনপির সভাপতি নির্বাচিত করে এবার তাঁকে বিএনপির পক্ষ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
আলিমুদ্দীন হারুন মণ্ডল বলেন, ‘আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেও পৌর মেয়র হিসেবে জনগণ আমাকে নির্বাচিত করেছিলেন। এবার আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। এবার যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়, তবে বিগত দিনের কথা চিন্তা করে পৌরবাসী আমাকে ভোট দেবেন।’
অন্যদিকে শরিফুল ইসলাম ১৯৮৯ সালে ধুনট ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হন। তিনি ১৯৯২ সালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে সময় বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১৯৯৩ সালে একটি মামলায় জেলে যান। পরে তিনি মামলা থেকে নিজেকে বাঁচাতে বিএনপিতে যোগ দেন। তারপর তিনি বিদেশে চলে যান। ১৯৯৭ সালে আবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়ান ও পৌর আওয়ামী লীগের সদস্যপদ লাভ করেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে থেকে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী।
শরিফুল ইসলাম বলেন, ‘ছাত্রজীবন থেকে দল করতে এসে জেল-জুলুম হামলা-মামলার শিকার হয়ে নিঃস্ব হয়েছি। সেসব কথা চিন্তা করে দল আমাকে মনোনয়ন দিয়েছে। তাই এই প্রথমবারের মতো দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। বিএনপি ও দলের কোনো বিদ্রোহী প্রার্থী আমার বিজয় ঠেকাতে পারবে না।’
এদিকে বর্তমান পৌর মেয়র এ জি এম বাদশার বাবা এ কে এম আজিজুর রহমানর মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর বাবা স্বাধীনতার পর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাবার রাজনীতিতে সম্পৃক্ত থেকে তিনি ধুনট ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে প্রথমে ধুনট সদর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ২০১০ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে তিনি ধুনট পৌরসভার মেয়র নির্বাচিত হন।
এ জি এম বাদশা বলেন, ‘আগে ইউপি চেয়ারম্যান ও পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। কিন্তু এবার দল থেকে আমাকে মনোনয়ন না দেওয়ায় এলাকার জনগণ ক্ষুব্ধ হয়েছে। তাই জনগণের ভালোবাসার দাবিতে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি।’