ঘর আঁধারে রেখে রাস্তায় দৌড়ায় ইজিবাইক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলার বিভিন্ন সড়কে দুই হাজার ৭০০টি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চলাচল করে। এসব অটোরিকশা চার্জের জন্য প্রতিদিন প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। জেলায় সরবরাহ করা বিদ্যুতের অর্ধেকই চলে যায় এই অটোরিকশার পেছনে। ফলে লোডশেডিং আরও প্রকট আকার ধারণ করেছে। স্থানীয় সূত্র জানায়, প্রতিটি অটোরিকশায় ১২ ভোল্টের পাঁচটি করে ব্যাটারি রয়েছে। আট ঘণ্টা চার্জ নিয়ে প্রতিটি রিকশা ১০০ কিলোমিটার চলতে পারে। এতে খরচ হয় দুই কিলোওয়াট বিদ্যুৎ। সে হিসাবে দুই হাজার ৭০০টি অটোরিকশা প্রতিদিন চার্জ করতে ৫ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান—ওজোপাডিকো সূত্র জানায়, পিক আওয়ারে পল্লী বিদ্যুৎ সমিতির ২৩ মেগাওয়াট ও অফপিক আওয়ারে ১১ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। দেওয়া হচ্ছে পিক আওয়ারে ৮ মেগাওয়াট ও অফপিক আওয়ারে ৫ মেগাওয়াট। ওজোপাডিকো শুধু পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়। পৌর এলাকায় পিক আওয়ারে চাহিদা আছে ৪ মেগাওয়াট ও অফপিক আওয়ারে ২ মেগাওয়াট। সরবরাহ করা হয় পিক আওয়ারে আড়াই মেগাওয়াট ও অফপিক আওয়ারে দেড় মেগাওয়াট বিদ্যুৎ।আবাসিক ও বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ থেকে অটোরিকশাগুলো চার্জ করা হয়। এ জন্য জেলার বিভিন্ন স্থানে দেড় শতাধিক ব্যবসায়িক চার্জ পয়েন্ট স্থাপন করা হয়েছে। প্রতিটি অটোরিকশা আট ঘণ্টা চার্জের জন্য ৮০ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়।শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, ‘অবৈধভাবে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ করায় ভয়াবহ লোডশেডিং করতে হচ্ছে, যা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়, এর অর্ধেক চলে যায় ইজিবাইক চার্জে। আমরা অভিযান চালিয়ে বেশ কিছু সংযোগ বিচ্ছিন্ন করেছি।’ অটোরিকশা চালক গিয়াস উদ্দিন বলেন, ‘এক লাখ ৩০ হাজার টাকায় অটোরিকশাটি কিনেছি। প্রতিদিন চার্জের জন্য ১০০ টাকা দিতে হয়। নিয়মিত চার্জ না দিতে পারলে বাইক চালাতে পারি না। এখন প্রায়ই লোডশেডিং থাকে। এ কারণে চার্জ করতে পারি না।’ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেন এমন একটি গ্যারেজের মালিক দেলোয়ার হোসেন বলেন, ‘আমার রিকশাভ্যান মেরামতের গ্যারেজ ছিল। এ ঘরের মিটার থেকে এখন ইজিবাইক চার্জ করছি। প্রতিদিন ১৫ থেকে ২০টা চার্জ করি।’গোটা জেলায় দুই হাজার ৭০০টি ব্যাটারিচালিত অটোরিকশা থাকার কথা নিশ্চিত করেছেন শরীয়তপুর আন্তজেলা অটোবাইক-অটোরিকশা শ্রমিক-মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান মাঝি।