ঘর ও গাছ মাটিতে গুঁড়িয়ে জমি দখল!
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে এক ব্যক্তির দখলে থাকা জমিতে নির্মাণ করার ঘর ভেঙে ও বাগানের গাছপালা কেটে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতাসহ গ্রামবাসী এভাবে জমিটি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১ এপ্রিল এ ঘটনা ঘটে।এ ঘটনায় জমির মালিক দাবিদার আমঝুপি গ্রামের মো. এহিয়া মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ৯ এপ্রিল মামলা করেছেন। মোহাম্মদ এহিয়া অভিযোগ করেন, ১৯৫২ সাল থেকে তাঁরা বিনিময় সূত্রে আমঝুপি মৌজার সিএস ১৮৩১ দাগের ৮০ শতক জমির মালিক। সেখানে তাঁরা ঘর নির্মাণ করেছেন এবং গাছপালা লাগিয়েছেন। ১ এপ্রিল একই এলাকার সার্থক আলী মণ্ডলের নেতৃত্বে দেড় শ মানুষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ওই জমিতে থাকা ঘর ভেঙে ফেলে এবং ছয় শতাধিক গাছ কেটে ফেলে। পরে হামলাকারীরা জমির দখল নিয়ে সেখানে ঈদগাহ নির্মাণ করে। মামলার বাদীর ভাই মাহাবুব আলম এই সম্পত্তি দখলের ঘটনার সঙ্গে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল মালেক মোল্লা, আমঝুপি ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও গোলাম মোস্তফা জড়িত বলে অভিযোগ করেছেন। সার্থক আলী মণ্ডল জানান, তিনি আমঝুপি হাট মসজিদ কমিটির সভাপতি। মসজিদের কাছেই বিরোধপূর্ণ জমিটি সরকারি। সেখানে ছিন্নমূল পরিবারের লোকজন বাস করত। তার পাশেই ছিল এহিয়ার সম্পত্তি। ২০০৩ সালে সরকার সেখানে আশ্রয়ণ নির্মাণের পরিকল্পনা নিলে এহিয়া রাতারাতি সম্পত্তিটি তাঁর বলে দাবি করে দখল করে নেন। গত ২৮ মার্চ মসজিদ কমিটি সীমানাপ্রাচীর নির্মাণ করার উদ্যোগ নিলে এহিয়া তাতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী এহিয়ার দখলে থাকা সরকারি সম্পত্তি দখল করে নেয়। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন, বিএনপি নেতা সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা ও আবদুল মালেক মোল্লা জানান, সরকারি সম্পত্তি জনগণ দখলে নিয়ে ঈদগাহ বানিয়েছে। আমঝুপি ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা জানান, বিরোধপূর্ণ জমিটি সরকারি। আদালতে মামলা থাকায় জমিতে ছিন্নমূলদের জন্য আশ্রয়ণ করা সম্ভব হয়নি। এখন জনগণ জমিটি উদ্ধার করে সেখানে প্রাচীর দিয়ে ঈদগাহ বানিয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলাল উদ্দিন জানান, জমিটি সরকারি। আদালতের নিষেধাজ্ঞা থাকায় জমিটি প্রশাসন উদ্ধার করতে পারেনি। তবে সরকারি সম্পত্তিতে এভাবে প্রাচীর গেঁথে ইদগাহ বানানো বেআইনি। আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নেবে।