ঘর করে দেওয়ার কথা বলে ২৫ লাখ টাকা নিয়ে উধাও
পঞ্চগড়ের বোদা উপজেলায় ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিমা কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি গ্রাহকদের প্রায় ২৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন। স্বল্পমূল্যে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে ওই টাকা আদায় করা হয়।প্রতারণার শিকার গ্রাহকেরা জানান, গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির উপজেলা কার্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে। তথাকথিত ওই কর্মকর্তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এদিকে ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স জানিয়েছে, বোদা উপজেলায় তাদের অনুমোদিত কোনো কার্যালয় বা শাখা নেই।প্রতারিত গ্রাহক বোদা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সৈয়দ আবদুল মান্নান জানান, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে ছয় মাস আগে বোদা পৌর এলাকার নগরকুমারীতে কার্যালয় খুলে বিমা কার্যক্রম শুরু করেন এনামুল হক। নিজেকে তিনি শাখা ব্যবস্থাপক হিসেবে পরিচয় দেন। চালুর পর থেকেই এনামুল হক শতাধিক মানুষের কাছ থেকে পাঁচ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিমা সঞ্চয় আদায় করেন। তিনি গ্রাহকদের জানান, এ বিমা কোম্পানির সদস্য হয়ে তাঁদের সামান্য জামানত দিলেই তাঁরা স্বল্পমূল্যে ঘর নির্মাণ করে দেবেন। এরই মধ্যে জামানতের টাকা নিয়ে দু-একজন গ্রাহকের ঘরের নির্মাণকাজও শুরু করা হয়। আর তা দেখেই অন্যরা সেই ফাঁদে পা দেন। এভাবে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা নিয়ে ওই কর্মকর্তা উধাও হয়েছেন।যাঁরা প্রতারিত হয়েছেন, তাঁদের মধ্যে বোদা ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ আবদুল মান্নানের ৯০ হাজার টাকা, আশরাফুলের ৩৫ হাজার, ফরিদের ৭১ হাজার, হুমায়ুনের ৩৬ হাজার, আরমানের ৪০ হাজার, তোফাজ্জলের এক লাখ ৫০ হাজার টাকাসহ নগরকুমারী গ্রামের অনেকের টাকা রয়েছে।প্রতারণার শিকার নগরকুমারী এলাকার আশরাফুল বলেন, ‘এনামুলের প্রলোভনে পড়ে বিমার সদস্য হয়ে স্বল্পমূল্যে ঘর নির্মাণের জন্য টাকা দিয়েছি।’ ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও পঞ্চগড় শাখা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হুসেন প্রথমে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। পরে অবশ্য তিনি বোদায় কোম্পানির অনুমোদিত কোনো শাখা নেই বলে মন্তব্য করেন। এনামুল হক নামের এক ব্যক্তি বিমার কাজ (খণ্ডকালীন) করতেন। ওই ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে গ্রাহকদের টাকা হাতিয়ে নিতে পারেন বলে মন্তব্য করেন তিনি।