উপজেলা নির্বাচনের হাওয়া ভালোভাবেই টের পাচ্ছেন ফেনী জেলার সদর উপজেলা ও পরশুরামের ভোটাররা। দেশের দুটি বড় দল আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনকে ঘিরে ঘর সামলাতে ব্যস্ত। তবে গৃহবিবাদ সামাল দিয়ে একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে এগিয়ে আওয়ামী লীগ। অপর দিকে, বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকায় বিপাকে পড়েছে বিএনপি। ফেনীর দুই উপজেলায় গত রোববার ২৫ জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পরশুরাম উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগসমর্থক দুজন প্রার্থী থাকলেও ফেনীতে দলটি সব পদেই একক প্রার্থী দিয়েছে। অপর দিকে, এই উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির পাঁচজন সমর্থক মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেনীতে চেয়ারম্যান পদে দলটি একক প্রার্থী দিলেও ভাইস চেয়ারম্যান পদে আছে একাধিক প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক জানান, ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দুজন। ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন। পরশুরাম উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপি দলীয় সূত্রে জানা যায়, পরশুরামে চেয়ারম্যান পদে বিএনপির পাঁচজন সমর্থক প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন হাবিবুর রহমান মজুমদার, আবু তালেব, ওয়াহিদুল্লাহ মজুমদার, আবদুল হালিম ও আলমগীর হোসেন মজুমদার। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির তিনজন সমর্থক—শাহেদ আমান চৌধুরী, সফিকুর রহমান ও খালেদ ইকরাম প্রার্থী হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন পেয়েছেন নাসিমা কামরুল। পরশুরামে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে দুজন আওয়ামী লীগের সমর্থক। তাঁরা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে এনামুল করিম মজুমদার ও নারী ভাইস চেয়ারম্যান পদে শারমিন খালেদা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেনী সদর উপজেলায় সব পদেই একক প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। চেয়ারম্যান পদে আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. ফোরকান চৌধুরী ও নারী ভাইস চেয়ারম্যান পদে খাদিজা আক্তার খানম মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়া চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী হয়েছেন সৈয়দ মিজানুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে বিএনপিসমর্থক চারজন প্রার্থী হলেন সাখাওয়াত হোসেন, তরিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও রিয়াদ মো. সাইদুর রহমান। অপর দিকে, নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান জুলেখা আক্তার।
নানা পদে একাধিক প্রার্থী দেওয়া প্রসঙ্গে ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বলেন, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার আগেই আলাপ-আলোচনা করে একক প্রার্থী ঠিক করা হবে।