ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। আগামী ২৫ জুনের মধ্যে সৈয়দপুরে রাজনৈতিক জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা৷
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গল ও বুধবার সৈয়দপুর পৌরসভা ও উপজেলা বিএনপির সম্মেলন করে ৭১ সদস্যবিশিষ্ট দুটি কমিটি গঠন করা হয়েছে৷ সৈয়দপুর টাউন হলে অনুষ্ঠিত ওই সম্মেলন দুটিতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক আবদুল গফুর সরকার।
প্রধান বক্তা ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র সাবেক সাংসদ আমজাদ হোসেন সরকার। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ এ কে এম রেজওয়ানুল হক, আখতার হোসেন মিয়া প্রমুখ। এর আগে দুই মাস ধরে চলে পৌরসভার ১৫টি ওয়ার্ড ও উপজেলার পাঁচটি ইউনিয়ন পর্যায়ে নতুন নেতৃত্ব নির্বাচনের পালাক্রম।
পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সভাপতি আশরাফুল হক দাবি করেন, অতীতে কয়েকজন স্বেচ্ছাচারী ব্যক্তি দলের বারোটা বাজিয়েছেন। ওই নেতৃত্বের কারণে দলে বেশ কিছু ত্যাগী নেতা বহিষ্কৃত হন। ফলে দলে স্পষ্টতই বিভক্তি ফুটে ওঠে। এ পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারির উপজেলা নির্বাচনে দল-সমর্থিত প্রার্থী আবদুল গফুর সরকারের ভরাডুবি ঘটে। তিনি অভিযোগ করেন, বিএনপির অনেক নেতাই ওই নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাওয়াদুল হক সরকারের পক্ষে প্রকাশ্যে জনসংযোগে অংশ নেন। উপজেলা পরিষদ নির্বাচনে পরাজয়ের দায়দায়িত্ব মাথায় নিয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার দল থেকে পদত্যাগ করেন। পরে সভা ডেকে সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সবগুলো কমিটি বিলুপ্ত করা হয়।
সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক আবদুল গফুর সরকার দাবি করেন, দলে নতুন নেতৃত্ব খোঁজা হয়েছে। তারুণ্যদীপ্ত এই নেতৃত্ব বিএনপির রাজনীতিতে সক্রিয় মাত্রা দেবে। তিনি বলেন, ‘আমরা বসে নেই, শিগগিরই সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি চলছে। আগামী ২৫ জুনের মধ্যেই সৈয়দপুরে রাজনৈতিক জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।’
সৈয়দপুর জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান বলেন, প্রশাসনিক উপজেলা হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান ব্যবসা-বাণিজ্যসমৃদ্ধ সৈয়দপুরকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন। তিনি তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের জেলা শাখা স্থাপন করেন সৈয়দপুরে।