আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপিকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য ঘর গোছাতে পাঁচ বছর সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা ঘর গোছাক। তারপর আন্দোলন করুক। গতকাল বুধবার দলের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘যৌথ বাহিনী আইন মেনে অভিযান চালিয়েছে। কখনো কখনো শান্তির জন্য কঠোর হতে হয়।’
১০ ট্রাক অস্ত্র মামলা নিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়ারও এ ঘটনার জন্য বিচার করা উচিত। আমি চাই, তাঁর বিচার করা যায় কি না, তা আইন প্রয়োগকারী সংস্থা পরীক্ষা করে দেখবে।’
নাসিম বলেন, খালেদা জিয়ার দেওয়া বক্তব্য শুধু মিথ্যাচারই নয়, এটি চর্বিতচর্বণ। তাঁর বক্তব্য শুনে মনে হয়েছে, লড়াইয়ের মাঠে পরাজিত সেনাপতির আর্তনাদ। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার পাশে কেউ নেই। কী আন্দোলন করবেন? পাঁচ বছর অপেক্ষা করুন। তারপর নির্বাচন হবে, তখন নির্বাচনে অংশগ্রহণ করবেন।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বার্ন ইউনিটে খালেদা জিয়া কখনো যাননি। সংবাদ সম্মেলনে এ নিয়ে একটি কথাও বলেননি। দুই শতাধিক মানুষকে হত্যা ও জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ তিনি বলছেন, তাঁর কর্মীকেই নাকি হত্যা করা হয়েছে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সন্ত্রাসী আউটসোর্সিং করে বিএনপি-জামায়াত জনগণকে বিপর্যস্ত করতে চেয়েছিল। তারপরও নির্বাচন হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূহ-উল-আলম লেনিন, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ প্রমুখ।