
টিনের চাল ও বেড়া দিয়ে তৈরি করা হয়েছে ছোট ছোট খুপরি। এই খুপরিগুলোতে গাদাগাদি করে ঠাঁই হয়েছে ঘর ছেড়ে আসা একেকটি পরিবারের। কিছু ঘরে মানুষের সঙ্গে আছে গবাদিপশু। প্রায় এক মাস ধরে এভাবে বসবাস করছে একটি গ্রামের মানুষ। এখানেই তাঁদের ঈদ করতে হবে। এরা সবাই মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের কাউয়াদীঘি হাওরপারের পাগুড়িয়া বান্ধেরপাড়া গ্রাম থেকে এসেছে।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, চাঁদনীঘাট-হলদিগুল সড়কের পাশে আখাইলকুরা ইউনিয়নের পাগুড়িয়া বান্ধেরপাড়া গ্রামের একটি খালের বাঁধের ওপর সারিবদ্ধ অনেকটি টিনের খুপরিমতো ঘর। ঘরগুলোতে গাদাগাদি করে জিনিসপত্র রাখা। কয়েকটি ঘরে একপাশে মানুষের থাকার খাট-পালং। পাশেই গবাদিপশু বেঁধে রাখা হয়েছে। পুরুষেরা এলোমেলো এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে সময় কাটাচ্ছেন। নারীদের অনেকে অনেক রকম কাজে ব্যস্ত। কেউ খুপরির বাইরে ভ্রাম্যমাণ মাটির চুলায় আগুন জ্বেলে রান্নার আয়োজন করছেন। কেউ পানি ভেঙে জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে আসছেন। কেউ কাপড় শুকাতে বাঁশের খুঁটিতে মেলে দিচ্ছেন। এখানকার নারী-পুরুষ ও শিশু অনেকেরই জ্বর-সর্দি। পানিতে থাকতে থাকতে কারও পায়ের আঙুলে ঘা হয়ে গেছে। কারও শরীরে ছোট ছোট বিচির মতো বের হয়েছে। সারাক্ষণ চুলকানি হচ্ছে। এরা সবাই প্রায় এক মাস ধরে এখানে ঠাঁই নিয়েছে। চোখের সামনেই অনেকের ঘর কোমর ও হাঁটুপানিতে ডুবে আছে। জিনিসপত্র মাচা বেঁধে রেখে ঘর ছেড়ে এসেছে সবাই। খুব কম জিনিসই সঙ্গে নিয়ে আসতে পেরেছে। এনেই বা কী করবে? নিজেদের থাকার ব্যবস্থা নেই, জিনিসপত্র রাখবে কোথায়? এখানে এই বাঁধের ওপর এসে আশ্রয় নিয়েছে বান্ধেরপাড়া গ্রামের ৮৫টি পরিবার। এপ্রিল মাসে আকস্মিক বন্যায় কাউয়াদীঘি হাওরাঞ্চলের বোরো ধান তলিয়ে যায়। জুন মাসের শেষ দিক থেকে পানি বেড়ে বন্যা দেখা দেয়। জুলাইয়ের মাঝামাঝি থেকে পানি কিছু কমলেও সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
বান্ধেরপাড়া গ্রামের ইছহাক মিয়া প্রথম আলোকে বলেন, ‘এক মাস অইছে ওখানো (বাঁধের ওপর) আইয়া উঠছি। এর আগে বাড়িতেই আছলাম। বাড়িত পানি থাকলেও তখন ঘরেও ওঠেনি। কিন্তু শেষ পর্যন্ত আর বাড়িত টিকতাম পারছি না। ঘরেও হাঁটুপানি।’
ইসরাইল মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি কৃষিখেত করি। এবার খেতটেত পানিয়ে খাইয়া শেষ। একবারে বেকার দিন কাটাইলাম। পরিবারে ছয়জন মানুষ। কিচ্ছু করার নাই। ঘরদুয়ার পানিয়ে ফালাইদের (ফেলে দিচ্ছে)।’
কনাই মিয়া বলেন, ‘দুই-আড়াই মাস ধরি বাড়িত পানি। এক মাস অই গেল বাড়ি ছাড়ছি। ওখানো (রাস্তায়) উরা বান্ধি (ছোট ঘর বানিয়ে) কোনো রকমে আছি।’
বান্ধেরপাড়া গ্রামের ভেতরে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। প্রতিটি রাস্তায় হাঁটু থেকে বুকপানি। নৌকায় গ্রাম ঘুরে দেখা গেছে, প্রতিটি বাড়িই পানিতে তলিয়ে আছে। ঘরের ভেতরে হাঁটুপানি, কোমরপানি। বাড়িতে লোকজন নেই। দু-একজনকে দেখা গেল কোমরপানি ভেঙে বাড়ি থেকে আসছেন। কেউ বাড়িতে ঘরদুয়ার কেমন আছে দেখতে যাচ্ছেন।
আখাইলকুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আল আমীন প্রথম আলোকে বলেন, ‘বান্ধেরপাড়া গ্রামের সবারই বাড়িঘরে পানি। ৮৫টি পরিবারের সবাই গ্রাম ছেড়ে এসেছে। আমরা যখন যা পাচ্ছি, তাদের দিচ্ছি।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, পানি বাড়ছে। অবস্থা খারাপ হচ্ছে। আরও আট টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী বলেন, বান্ধেরপাড়ার মানুষের জন্য মেডিকেল টিম পাঠানো হবে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।