ঘর তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি ও সেচের পানি দেওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত রোববার রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতি গ্রামের বাসিন্দা মুসলেম মিয়ার বসতঘর তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মুসলেম মিয়ার অভিযোগ, প্রতিপক্ষ ও প্রতিবেশী জিন্নাত আলীর লোকজন তাঁর দুটি বসতঘর ও একটি রান্নাঘর ভেঙে নিয়ে গেছে।এলাকাবাসী জানায়, প্রতিবেশী মুসলেম মিয়া ও জিন্নাত আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। চলতি মৌসুমে গ্রামের একটি অংশে জমিতে সেচকাজ পরিচালনা করেন জিন্নাত আলী। তাঁর সেচ এলাকায় মুসলেম মিয়ার জমি রয়েছে। জমিতে পানি বন্ধ করে দেওয়ার অভিযোগে কিছু দিন আগে জিন্নাত আলীর বিরুদ্ধে মামলা ঠুকে দেন মুসলেম মিয়া। এরপর তাঁদের বিরোধ আরও তীব্র হয়। মামলা তুলে নিতে জিন্নাত আলী চাপ দিলেও মুসলেম তা তুলে নিতে রাজি হননি। এ নিয়ে গত রোববার সন্ধ্যায় তাঁদের মধ্যে এক দফা কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মুসলেম মিয়ার লোকজনের হামলায় জিন্নাত আলীর ছেলে জাকির (১৭) আহত হয়। এর জের ধরে জিন্নাত আলীর লোকজন মুসলেম মিয়ার দুটি বসতঘর ও একটি রান্নাঘর ভেঙে অন্যত্র নিয়ে যায়। এলাকাবাসী ঘর ভেঙে নেওয়া থামাতে পারেনি। এ ঘটনায় গতকাল সোমবার সকালে কুলিয়ারচর থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।মুসলেম মিয়া অভিযোগ করেন, ‘রাত ১০টার দিকে ২৫-৩০ জন লোক নিয়ে জিন্নাত বাড়িতে এসে প্রথমে আমাদের মারধর করে ঘর থেকে বের করে দেন। এরপর তাঁর লোকজন আমার দুটি বসতঘর ও একটি রান্নাঘর তুলে নিয়ে যায়। প্রতিবেশীরা বাধা দিলেও কথা শোনেনি তারা।’অভিযোগ অস্বীকার করে জিন্নাত আলী বলেন, ‘সেচ নিয়ে মুসলেম মিয়ার সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। তাঁর ভাইয়ের সঙ্গে কিছুটা বিরোধ থাকতে পারে। তবে ঘর উঠিয়ে নেওয়ার সঙ্গে তাঁরা জড়িত নন।’