ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে প্রবাসীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরে এক সৌদিপ্রবাসীকে ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পূর্ববিরোধের জের ধরে গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম আফরোজ আলী (৪০)। তিনি দয়ামীর ইউনিয়নের চুনারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আফরোজ আলী সৌদি আরবে বসবাস করেন। ছয় মাসের ছুটি নিয়ে গত জানুয়ারিতে তিনি দেশে আসেন। একই গ্রামের সৈয়দ মঞ্জুরুল ইসলামের সঙ্গে তাঁদের পারিবারিক বিরোধ ছিল। মঞ্জুরুল গতকাল সকালে আফরোজের বাড়ির সামনে এসে তাঁকে ডেকে ঘর থেকে বাইরে নেন। এ সময় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়৷ একপর্যায়ে ছুরিকাহত অবস্থায় আফরোজকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। আফরোজের বুকে-পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে৷
বালাগঞ্জের ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ জানান, মঞ্জুরুল একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। হত্যার পরিকল্পনায় জড়িত সন্দেহে কয়ছর উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।