ঘর থেকে বের হতে পারে না পরিবারটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও করে মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে মেয়েটির কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। লজ্জা ও অপমানে মেয়েটির পরিবারের সদস্যরাও ঘর থেকে বের হতে পারছেন না।
ধর্ষণের ঘটনায় ১৩ জুলাই শরীয়তপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। আসামি করা হয়েছে মেয়েটির প্রতিবেশী আশিকুর রহমান ওরফে আকাশ, তাঁর চাচা ইলিয়াস ব্যাপারী ও বন্ধু রিফাত রায়হান খানকে।
এজাহারে বলা হয়েছে, মেয়েটি একটি প্রশিক্ষণকেন্দ্রে কম্পিউটার শিখত। গত ১৫ জুন আশিকুর রহমান কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ নোট দেওয়ার কথা বলে মেয়েটিকে এক বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ করে। কক্ষে আগে থেকেই স্থাপন করা ক্যামেরার সাহায্যে ধর্ষণের দৃশ্য ধারণ করা হয়। এ কাজে সহায়তা করে আশিকের বন্ধু রিফাত। এ ঘটনার পর লজ্জা ও অপমানে মেয়েটি ও তাঁর পরিবার বিষয়টি গোপন রাখে। এদিকে ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনা জানাজানি হলে মেয়েটির পরিবার মামলা করে।
মেয়েটির বাসায় গেলে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। লজ্জা-অপমানে ঘর থেকে বের হতে পারি না। এখন কীভাবে কলেজে গিয়ে পড়ালেখা চালাব তাও ভাবতে পারছি না।’
মেয়েটির মা বলেন, ‘আমরা খুব দরিদ্র মানুষ। মেয়েকে ধর্ষণের ঘটনা প্রকাশ করলে আমার ছোট ছেলেকে অপহরণ করে হত্যা করা হবে, এমন হুমকি দেওয়ায় প্রথমে ভয়ে ঘটনাটি কাউকে জানাইনি। ধর্ষণের দৃশ্য ছড়িয়ে পড়ার পরে থানায় মামলা করেছি। এখনো তারা (আসামিরা) আমাদের মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। লজ্জায় ঘর থেকে বের হতে পারছি না। এখন কীভাবে আমরা সমাজে বাস করব আল্লাহই জানে।’
এদিকে থানায় মামলা হওয়ার পর থেকে আসামিরা পলাতক। এ বিষয়ে জানতে চাইলে আশিকের চাচি বলেন, ‘যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক, এটাই আমরা চাই।’
রিফাত রায়হানের বাবা বলেন, ‘এমন একটি ঘটনা শুনেছি। এর সঙ্গে আমার ছেলে জড়িত কি না জানি না।’
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি আমরা জানার পর ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিই। তখন তারা থানায় মামলা করে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’