ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পৌরসভার শ্যামলীপাড়া এলাকার এক চিকিত্সকের বাসা থেকে আজ শনিবার বিকেল চারটার দিকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (৩৫) ও তাঁর স্ত্রী নূরহাজান বেগম (৩০)। তাঁদের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর গ্রামে। পুলিশের ধারণা, গতকাল শুক্রবার রাতের কোনো একসময় আত্মহত্যা করেছেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সাইফুল ইসলাম সাত বছর ধরে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মাধবপুরে কর্মরত ছিলেন। গত পাঁচ মাস ধরে শ্যামলীপাড়া এলাকায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক মো. ইকবালের বাসার নীচ তলার দুটি কক্ষ ভাড়া নিয়ে স্ত্রীসহ থাকতেন তিনি। বাসাটি মাধবপুর থানার কাছেই।
সরেজমিনে ওই বাসায় গিয়ে দেখা যায়, একটি কক্ষের শোয়ার বিছানায় তাঁদের নিথর দেহ পড়ে আছে। মৃতদেহের পাশে পড়ে আছে চারটি বড় ইনজেকশন সিরিঞ্জ। নূরজাহানের বাঁ হাতে লাগানো একটি কেনোলা। নাকে গোঁজানো গজ। নাকের পাশে বিছানায় রক্তের দাগ। ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’—এমন চিরকুট লেখা একটি ডায়েরিও উদ্ধার করেছে পুলিশ।
বাসার মালিক ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক মো. ইকবাল প্রথম আলোকে জানান, সিরিঞ্জ ভর্তি রয়েছে তরল কীটনাশক। এগুলো দেহে প্রবেশ করিয়েই তাঁরা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তিনি।
বাসার মালিক বলেন, ‘আজ দুপুরে তাঁদের ঘরে দরজা বন্ধ দেখে আমার সন্দেহ হলে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে তাঁদের নিথর দেহ দেখতে পায়।’
বাসার তৃতীয় তলায় থাকেন অন্য একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. শাহ আলম। তিনি প্রথম আলোকে জানান, সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সাইফুলের সঙ্গে তাঁর কথা হয়। এ সময় সাইফুল তাঁকে জানান, তাঁর (সাইফুল) ডায়রিয়া হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে গতকাল রাতে তাঁরা আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।