চারপাশে মাদকের ছোবল ভয়াবহভাবে বেড়ে গেছে। নামী শিক্ষাপ্রতিষ্ঠান, মেয়েদের ভ্যানিটি ব্যাগসহ সর্বত্রই পাওয়া যাচ্ছে মাদক। মাদকের সহজলভ্যতায় চিকিৎসা নেওয়ার পরও আবার অনেকেই নেশার জগতে ঢুকে পড়ছে। এ অবস্থায় সন্তানকে মাদকমুক্ত রাখতে আন্দোলন শুরু করতে হবে ঘর থেকেই। সন্তানকে এমন করে গড়তে হবে, যাতে সে মাদককে ‘না’ বলতে পারে।গতকাল বুধবার প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘আসুন মাদকমুক্ত থাকি—পরামর্শ সহায়তা-১৫’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন।ধানমন্ডির উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে এ পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় মাদকের সহজলভ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সভার শেষ পর্যায়ে একজন প্রশ্ন করেন, তাহলে সন্তানকে মাদকমুক্ত রাখব কীভাবে?এ প্রশ্নের উত্তরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ চিকিৎসক মোহিত কামাল বলেন, শহরের নামকরা স্কুলের শিক্ষার্থীরা যখন মাদকের চিকিৎসা নিতে আসে, তখন বুকে কাঁপন ধরে। আসলেই সন্তানকে মাদক থেকে মুক্ত রাখা কঠিন হয়ে যাচ্ছে। মোহিত কামাল বলেন, পরিবারে বিবাহবিচ্ছেদ, বাবা-মায়ের নিত্য কলহ, সন্তানের প্রতি অবিশ্বাস বা অতিরিক্ত শাসনে তাদের মধ্যে নেতিবাচক বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। তারা খারাপকে ‘না’ বলার সাহস হারিয়ে ফেলে। তাই সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে, সন্তানের মধ্যে নৈতিক শক্তির বীজ বপন করে দিতে হবে।সোসাইটি ফর কমিউনিটি-হেলথ রিহ্যাভিলিটেশন এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেসের (ক্রিয়া) পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, সাধারণত টিনএজ বয়সে সন্তানেরা মাদকের প্রতি আসক্ত হয়। তাই সন্তানের এ বয়সটাকে গুরুত্ব দিতে হবে। সভায় সন্তান বা ভাইয়ের মাদকাসক্ত হওয়ার কাহিনি এবং সেই পরিবারের ভোগান্তির অভিজ্ঞতাগুলো শুনতে শুনতে সবাই হতাশায় ডুবে যাচ্ছিলেন। এ সময় সভার পরিচালনাকারী প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন একজন মাকে উদ্দেশ করে জানতে চাইলেন তাঁর কোনো প্রশ্ন আছে কি না। এই মা প্রথম আলোর এ ধরনের সভায় আগেও এসেছেন। কেঁদেছেনও। তবে গতকাল এই মা হাসিমুখে জানালেন, তাঁর ছেলে বর্তমানে সুস্থ। সেই ছেলের হাত ধরেই তিনি সভায় এসেছেন। সভায় এই মা ও ছেলের সংগ্রামের কাহিনি শুনে সবাই হাততালি দিয়ে স্বাগত জানালেন।আসক্তি নিরাময় কেন্দ্র ‘আপন’-এর পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল বলেন, মাদকাসক্তি থেকে মুক্তির এ ধরনের ঘটনা অন্য অভিভাবকদের জন্য প্রেরণা হতে পারে। সভায় একজন শোনালেন তাঁর ভাইকে নিয়ে প্রায় ১৫ বছরের সংগ্রামের কাহিনি। এ পর্যন্ত বেশ কয়েকবার ভাইকে বিভিন্ন আসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কয়েক দিন ভালো থাকে, তারপর আবার সেই আগের জায়গায় চলে যায়। এই বোনের হতাশাভরা আকুতি—তাহলে কি আমার ভাইকে সারা জীবন বন্দী করে রাখতে হবে?মাদকাসক্তকে ভালো করার জন্য পরিবারের অন্য সদস্যদের ভালো থাকাও প্রয়োজন বলে উল্লেখ করেন ক্রিয়ার কাউন্সেলর সুমি কাজী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ চিকিৎসক আহমেদ হেলাল ও ফারজানা রহমান মাদক গ্রহণের নেতিবাচক প্রভাবগুলো নিয়ে আলোচনা করেন। ফারজানা রহমান বলেন, বর্তমানে নারীদের মধ্যেও মাদক নেওয়ার প্রবণতা বেড়ে গেছে। এর ফলে নারীদের মধ্যে বন্ধ্যত্ব, বিকলাঙ্গ শিশুর জন্ম দেওয়া, হেপাটাইটিস বি, সি বা এইচআইভি/এইডস ভাইরাসে আক্রান্ত হওয়ার হারও বাড়ছে।বিকেল গড়িয়ে রাত হলেও মাদকাসক্তদের ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রশ্ন থামতেই চাইছিল না। অনেকে প্রথম আলোর উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য হাজির হয়েছিলেন। সভায় সাইদুজ্জামান রওশন প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের উদ্দেশ্য বর্ণনা করে বলেন, প্রথম আলো একটি আন্দোলনের সূচনা করেছে, এ আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার দায়িত্ব দেশবাসীর।