ঘর ধসে পড়ার শঙ্কায় মাঠে পাঠদান
৬ অক্টোবর রাতে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ধসে পড়েছে পুকুরে। যেকোনো সময় জরাজীর্ণ টিনশেড ঘরটিও ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন মাঠে পাঠদান করা হচ্ছে। এ চিত্র চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চার কক্ষবিশিষ্ট টিনশেড ঘরটি নির্মাণ করে। ঘরের পেছনের পুকুরের ভাঙনের কারণে দুই বছর আগে সীমানাপ্রাচীরে ফাটল ধরে। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ায় ইতিমধ্যে সীমানাপ্রাচীর ভেঙে পড়েছে। বর্তমানে ভাঙনের কারণে ওই ঘরের পেছনের দেয়ালের নিচের অংশের মাটি সরে গেছে। যেকোনো সময় ঘরটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ২০৫ জন।
গত শনিবার (১৮ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ঘর দুটি। চার কক্ষবিশিষ্ট ঘরটি পরিত্যক্ত হওয়ায় পাশে দুই কক্ষবিশিষ্ট একতলা ভবনের একটি কক্ষে কার্যালয় (শিক্ষকদের বসার স্থান) ও অন্য কক্ষে পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের খোলা মাঠে পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও ইউপি সদস্য আবুল বাশার বলেন, সীমানাপ্রাচীর ধসে পড়েছে। যেকোনো সময় ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তার পরও উপজেলা থেকে কোনো কর্মকর্তা বা প্রকৌশলী ভবনটি পরিদর্শন করেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী রানী পাল বলেন, গত বছরের মার্চ ও জুনে ঝুঁকিপূর্ণ ঘরটি পরিত্যক্ত ঘোষণা করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা ও এলজিইডি কার্যালয়ে দুটি আবেদন করা হয়েছিল। এ ছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করার সময় ছবিসহ আমাদের বিদ্যালয়ের তালিকা জমা দেওয়া হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিদ্যালয়ের শিক্ষার্থী লিমা বলে, ‘ক্লাস ভেঙে গেছে তাই আমাদের খোলা মাঠে বসে স্যারেরা ক্লাস নিচ্ছেন। এভাবে ক্লাস করতে ভালো লাগে না।’ শিক্ষার্থী তানজিনা ও নেয়ামত জানায়, প্রতিদিন তাদের বেঞ্চগুলো মাঠে এনে ক্লাস করতে হয় এবং ছুটির পর আবার ক্লাসে বেঞ্চ দিয়ে আসতে হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, ‘সীমানাপ্রাচীর ভেঙে পড়া ও ঝুঁকিপূর্ণ ঘরের বিষয়টি হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে অবহিত করেছেন। আমরা আপাতত শিক্ষার্থীদের মাঠে অথবা পাশের বাড়িতে ব্যবস্থা করে শ্রেণি কার্যক্রম চালানোর জন্য বলেছি। বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য উপজেলা এলজিইডি কার্যালয়ে তথ্য পাঠানো হয়েছে।’