ঘর না হলে ঈদের পর শিক্ষা কার্যক্রম বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা বন্দর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টির ভবনের ছাদ দিয়ে পানি পড়ায় দ্বিতীয় সাময়িক পরীক্ষা পার্শ্ববর্তী হাইস্কুলে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের ভবনটি সংস্কার বা নতুন ঘর না হলে এর শিক্ষা কার্যক্রম ঈদের ছুটির পর বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭২ সালে কয়েকজন শিক্ষানুরাগীর চেষ্টায় উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারা এলাকায় ৫৬ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৪ সালে উপজেলা প্রকৌশল কার্যালয়ের অর্থায়নে চার কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়টিতে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ২৩০। প্রধান শিক্ষক আবু জাফর জানান, বিদ্যালয়ের তিনটি কক্ষে পাঠদান করা হয় এবং একটি কক্ষ গ্রন্থাগার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তিনি আরও জানান, বিদ্যালয়ের ছাদের বিম ফেটে রড বেরিয়ে গেছে। ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে খসে পড়ছে। বৃষ্টি হলে ছাদ থেকে পানি পড়ে। পাঠদানের সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়।বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোহামঞ্চদ হোসেন বলে, ‘স্যার যহন পড়ায়, তহন আমরা থাহি উপর দিকে চাইয়া। ক্লাসে যতকুন থাহি, হারা সময় গুরি গুরি মাথায় পড়ে।’ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুর রহমান মাতুব্বর বলেন, বিদ্যালয়ের বেহাল অবস্থা। এ কারণে দ্বিতীয় সাময়িক পরীক্ষা একই উঠানে থাকা উচ্চবিদ্যালয়ের তিনটি কক্ষে নেওয়া হয়েছে। শিক্ষা কর্মকর্তারাও বিদ্যালয়ের দুরবস্থা দেখেছেন। তিনি আরও বলেন, নতুন ঘর নির্মাণ অথবা ভবন সংস্কার করা না হলে ঈদের পর শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাবে। মঠবাড়িয়া সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, গত ২৯ জুলাই তিনি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে ওই ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। নতুন ভবন নির্মাণ বা ওই ভবন মেরামত না হওয়ায় পর্যন্ত আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি কক্ষে যাতে ঈদের পর থেকে ক্লাস নিতে পারে, সে জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ছয়টি শ্রেণীকক্ষসহ নয়টি কক্ষ রয়েছে। দ্বিতল ভবনের এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৯১। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে তিনটি কক্ষে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ঈদের ছুটির পরও তারা ওই কক্ষগুলো ব্যবহার করতে চাইছে। কিন্তু আমার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে তো আর তাদের সহযোগিতা করতে পারব না।’ মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, ওই বিদ্যালয় ভবনের দুরবস্থার কথা ইতিমধ্যে তিনি জেনেছেন। এ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং পুরোনো ভবন মেরামত করে পাঠদান চলমান রাখার জন্য একটি কাঠের ঘর নির্মাণের চেষ্টা চলছে।