বরিশালের উজিরপুর উপজেলার দুটি ইউনিয়নে সিডরে ক্ষতিগ্রস্ত দরিদ্র লোকজনের ঘর নির্মাণ করে প্রায় ৫০ লাখ টাকা ভলান্টারি অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ভোসড) নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে এ প্রকল্পের আওতায় ৭৬৩টি ঘর নির্মাণ করা হয়। এগুলোতে নিম্নমানের উপকরণ ব্যবহার করে এবং মালামাল পরিবহন খরচ বাবদ সুবিধাভোগীদের কাছ থেকে তারা ওই অর্থ নিয়েছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় লোকজন ও ঘর পাওয়া লোকজনের অভিযোগে জানা গেছে, ইউএনডিপি উপজেলার সাতলা ইউনিয়নে ৩২৬টি ও জল্লা ইউনিয়নে ৪৩৭টি ঘর নির্মাণের জন্য ২০০৯ সালের অক্টোবরে ভোসডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। প্রতিটি ঘরের জন্য এক লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ করে ইউএনডিপি ভোসডকে কার্যাদেশ দেয়। উপজেলার বিলগাববাড়ি গ্রামের বুদ্ধেশ্বর দাসের স্ত্রী সাবিত্রী (৪০) বলেন, ‘আমাকে যে ঘর দেওয়া হয়েছে তার ইট-কাঠ নিম্নমানের। নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক কম সিমেন্ট ব্যবহার করা হয়েছে।’ জল্লা ইউনিয়নের জল্লা গ্রামের দিনমজুর সহিদুল ইসলাম (৪৫), রবীন্দ্র বাড়ৈ (৫৫), ভাউদার গ্রামের লাল মোহন হালদারের ছেলে রিমতিও একই অভিযোগ করেন। সাতলা ইউনিয়নের সাতলা গ্রামের কার্তিক মণ্ডলের স্ত্রী পারুল মণ্ডল (৪৫), বিজয় মণ্ডল (৩৫), পশ্চিম সাতলা গ্রামের অমল কুমারের স্ত্রী লক্ষ্মী রানী (৩৮) শিবপুর গ্রামের আক্কেল হাওলাদারের স্ত্রী সেফালী বেগম (৪০) হালিম বক্তিয়ারসহ (৪৫) ঘর পাওয়া অনেকেই অভিযোগ করেন। ঘর পাওয়া প্রতিটি পরিবারের কাছ থেকে ভোসডের লোকজন নির্মাণসামগ্রী পরিবহন খরচ বাবদ পাঁচ থেকে সাত হাজার টাকা আদায় করেছে। সাতলা এলাকার ভোসডের মাঠ তত্ত্বাবধায়ক মিন্টু মিয়াকে তাঁদের মালামাল পরিবহন খরচ ছাড়াও নগদ টাকা দিতে হয়েছে। জল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য গৌতম চন্দ্র (৪৫) বলেন, স্থানীয় লোকজন একাধিকবার মাঠ পর্যায়ে কাজ তদারকিতে নিয়োজিত মাঠ তত্ত্বাবধায়ক আবদুর রহিমকে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা দিলেও তিনি তা শোনেননি। জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম মল্লিক অভিযোগ করেন, ভোসড কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্থবায়নে অনেক অনিয়ম ও দুর্নীতি করেছে। ভোসড নিম্নমানের সামগ্রী দিয়ে সর্বোচ্চ ৬০ থেকে ৭০ হাজার টাকায় একেকটি ঘর নির্মাণ করেছে। তারা পরিবহন খরচের নামে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাত করেছে।জল্লা ইউনিয়নের মাঠ তত্ত্বাবধায়ক আবদুর রহিম ও সাতলা ইউনিয়নের মাঠ তত্ত্বাবধায়ক মিন্টু মিয়া নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। প্রকল্পের মনিটরিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘যথাযথভাবে তদারকির মাধ্যমে কাজ করা হয়েছে। ঘর পাওয়া লোকজনের অভিযোগের সত্যতা নেই।’ ভোসডের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহাদেব দাস বলেন, ‘টাকা আদায়ের বিষয়টি আমার জানা নেই।’ নিম্নমানের কাজ সম্পর্কে তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে।’ ইউএনডিপির প্রকল্প পরামর্শক গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের দায়িত্ব ছিল কাজের মান নিয়ন্ত্রণ করা। দুর্গম এলাকায় কাজ হয়েছে। তা সত্ত্বেও যতটা সম্ভব মান রক্ষার চেষ্টা করেছি। ভোসডের লোকজনের টাকা আদায়ের বিষয়টি জানার পর সুবিধাভোগীদের টাকা না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম।’