ঘর পুড়ে মা-মেয়ের মৃত্যু, বাবা দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলায় আগুনে ঘর পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন বাবা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।

নিহত মায়ের নাম ফরিদা বেগম (২৮) ও মেয়ে রাবেয়া (৪)। দগ্ধ বাবা রিকশাভ্যান চালক সেন্টু মোল্লা (৩৫) গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুস আলী মোল্লা জানান, গতকাল রাতে সেন্টু তাঁর টিনের ঘরের খাটে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। রাতেই আগুন লাগে। দগ্ধ সেন্টু ঘরের বাইরে বেরিয়ে যান। ফরিদা ও চার বছরের সন্তান রাবেয়া ঘরের মধ্যে আটকা পড়ে পুড়ে মারা যায়।

ভাঙ্গা দমকল বাহিনীর লিডার রেজাউল হক বলেন, অগ্নিকাণ্ডের সময় কোনো দমকল বাহিনীকে খবর দেওয়া হয়নি। আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, ওই বাড়িতে সাইড বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎ নেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে।

সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের দাফন ও আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বলেন, এ ঘটনায় সালথা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।