ঘর পোড়ানোর অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ইছাপুর গ্রামে গত বুধবার রাতে দুর্বৃত্তরা জ্যোতিষ বড়ুয়া নামের এক ব্যক্তির বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার বগাদানা ইউনিয়নের ইছাপুর গ্রামের অধিবাসী ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি জ্যোতিষ বড়ুয়ার চৌচালা টিনের বসতঘরে গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ঘরটি সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়ে যায়।
জ্যোতিষ বড়ুয়া জানান, তিনি সপরিবারে চট্টগ্রাম বসবাস করেন। গত বুধবার রাতে আগুন দেওয়ার সময় ঘরে কেউ ছিল না। দুর্বৃত্তদের আগুনে তাঁর প্রায় সাড়ে তিন লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। দুর্বৃত্তরা কয়েক মাস আগেও তাঁর বাড়িতে একটি শুকনো খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। এ ঘটনায় জ্যোতিষ বড়ুয়া বাদী হয়ে সোনাগাজী থানায় একটি মামলা করেছেন।