ঘর বাঁচাতে শেষ চেষ্টা
সিটি করপোরেশনের বিশাল এক বুলডোজার এসেছে ঘর ভাঙতে। ঘরের মূল বাসিন্দা আবুল কাশেম ও তাঁর পরিবারের সদস্যরা ব্যস্ত তাঁদের সামান্য সম্পদ রক্ষা করতে। কেউ ঘরের টিন খুলছেন, কেউ জিনিসপত্র সরাচ্ছেন। এই ঘরের এক কোনায় আশ্রিত হিসেবে থাকেন জোহরা বেগম। সহায়-সম্বলহীন বয়স্ক এই নারীর আপনজন কেউ নেই। মাথা গোঁজার জায়গাটুকু বাঁচাতে উচ্ছেদের দায়িত্বে থাকা মাজিস্ট্রেটের হাত-পায়ে ধরতে থাকেন। জোহরা বেগমের অনুরোধে ম্যাজিস্ট্রেট ঘর সরানোর জন্য সময় দেন।
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সামনের ফুটপাতে আবুল কাশেমের এই ঘর। সেখানে আবুল কাশেমের পরিবারের ছয় সদস্য থাকেন। আর থাকেন জোহরা বেগম।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে। উচ্ছেদকারীরা ফুটপাতে গড়ে ওঠা দোকানপাট, ঘর ভাঙতে ভাঙতে একসময় আলকাতরার মোড় নামে পরিচিতি টিসিবির সামনের এলাকায় আসেন। উচ্ছেদকারীরা আসার আগেই আবুল কাশেম, তাঁর স্ত্রী, ছেলে ও দুই নাতি মিলে ঘরের টিন, বেড়া খুলতে শুরু করেন। তাঁরা টিন ও বেড়া খুলে শেষ করার আগেই সেখানে হাজির হয়ে যায় ডিএনসিসির বুলডোজার। তখনো ঘরের ওপরে দাঁড়িয়ে টিন খুলছিলেন আবুল কাশেম ও তাঁর পঞ্চম শ্রেণি পড়ুয়া নাতি মাহিন। উচ্ছেদকারীরা চিৎকার করে তাঁদের সরতে বলেন। এই ঘরের আশ্রিতা জোহরা বেগম শেষ আশ্রয়টুকু বাঁচাতে ছুটে যান দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। কাঁদতে কাঁদতে একসময় ম্যাজিস্ট্রেটের পায়ে ধরে বসেন জোহরা বেগম। তাঁর কান্নায় উপস্থিত অনেকের চোখেই পানি চলে আসে। ম্যাজিস্ট্রেট তাঁর অনুরোধে ঘর সরানোর জন্য সময় দিয়ে সেখান থেকে চলে যান। বয়সের ভারে নুয়ে পড়া জোহরা বেগম চোখের পানি মুছতে মুছতে প্রথম আলোকে বলেন, ‘আমি কিছু বুঝি না। এই ঘরটাই আমার সব। এই ঘর ভাঙলে আমি কই যামু।’ আবুল কাশেমের ছেলে মো. আমির হোসেন বলেন, ‘জন্মের পর থিক্যা এইখানে থাকি। ঘরের পাশেই চায়ের দোকান আছিল। ১৫-২০ দিন আগে দোকান সরাইছি। আজকে ঘরটাও সরাইলাম।’
আমির হোসেনের দুই ছেলে মাহিন ও মারুফ। মাহিন দাদার সঙ্গে ঘরের টিন খুলছিল। মাহিন এবার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা দিয়েছে টিসিবি মোড়ে অবস্থিত সরকারি মনু মিয়া উচ্চবিদ্যালয় থেকে। গতকাল তার পরীক্ষার ফল দিয়েছে। ঘর বাঁচাতে গিয়ে স্কুলে পরীক্ষার ফল আনতে যাওয়া হয়নি মাহিনের।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, আগামী কয়েক দিন টানা তেজগাঁও এলাকায় ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালাবে।