গাছ, বাঁশ ও ঢেউটিনসহ নির্মাণসামগ্রীর অভাবে ঝড়ে ভেঙে পড়া ঘর সংস্কার করতে পারছেন না ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারানো বান্দরবানের দরিদ্র লোকজন। এই মুহূর্তে খাদ্য সহায়তার চেয়েও নির্মাণসামগ্রী বা নগদ টাকার বেশি প্রয়োজন বলে জানান ওইসব এলাকার জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত লোকজন।
গত বৃহস্পতি ও শুক্রবার জেলার উপদ্রুত এলাকাগুলো ঘুরে দেখা গেছে, বহু এলাকার দরিদ্র লোকজন এখনো ঝড়ে ভেঙে পড়া ঘর মেরামত করতে পারেননি। সহায়তা হিসেবে চাল পেলেও গৃহ নির্মাণসামগ্রী পাননি কেউ।
বান্দরবান জেলার ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, জেলায় ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদম উপজেলায়। এই তিন উপজেলা ছাড়াও পুরো জেলায় ঝড়ে ঘরবাড়ি হারিয়েছেন ছয় হাজার মানুষ।
ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু পরিবার এখনো নিজেদর ঘরে ফিরতে পরেননি। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) ক্যহ্লা থোয়াই বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজনের খাদ্যসংকট তেমন একটা নেই। মাথা গোঁজার সমস্যাই এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবার ২০ কেজি করে চাল পেলেও নির্মাণসামগ্রী পায়নি।
এ ব্যাপারে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ঘূর্ণিঝড়ে ÿক্ষতিগ্রস্তদের জন্য এ পর্যন্ত ৫০ টন চাল ও ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঢেউটিনসহ বাড়িঘর নির্মাণসামগ্রীর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চাহিদা দেওয়া হয়েছে।