ঘর বানাতে প্রত্নতাত্ত্বিক ঢিবি ধ্বংস
বাগেরহাটের সোনাতলায় হজরত খানজাহান আলী (রহ.)-এর সময়ে নির্মিত ‘বড় আজিনা’ প্রত্নতাত্ত্বিক ঢিবি ধ্বংস করে সেখানে বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে। মাটি খুঁড়ে তোলা হচ্ছে ইট ও পাথর।
স্থানীয় লোকজন জানান, বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য খলিফতাবাদ থেকে বাগেরহাট শিরোনামে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ২০০৩ সালে একটি বই বের করে। সেখানে এই বড় আজিনাকে হজরত খানজাহান আলীর সময়কালের একটি মুসাফিরখানা বা কাটনা বলে উল্লেখ করা হয়েছে। এখানে ৩৭ মিটার দীর্ঘ ও ২৯ মিটার প্রস্থের ১৮টি স্তম্ভবিশিষ্ট একটি স্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে।
তবে বাগেরহাট ষাটগম্বুজ জাদুঘরের কাস্টডিয়ান মো. গোলাম ফেরদৌস এই স্থাপনার কার্যকারিতা নিয়ে কিছুটা ভিন্নমত প্রকাশ করেছেন। তাঁর মতে, বড় আজিনা ৩৫ গম্বুজবিশিষ্ট একটি মসজিদের ধ্বংসাবশেষ। যশোরের বারোবাজারে খানজাহান আলীর সময়কালের ৩৫ গম্বুজবিশিষ্ট সাতগাছিয়া মসজিদের ধ্বংসাবশেষের সঙ্গে এর সাদৃশ্য রয়েছে। ষাটগম্বুজ মসজিদের পর বাগেরহাটে এটাই সম্ভবত খানজাহান আলীর সময়কালের দ্বিতীয় বৃহৎ মসজিদ। বড় আজিনার ধ্বংসাবশেষ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংরক্ষিত প্রত্নতত্ত্ব হিসেবে গেজেটভুক্ত।
গত শুক্রবার সকালে সরেজমিনে বাগেরহাট শহরের সোনাতলা মৌজায় দেখা যায়, সেখানে স্থানীয় বুলবুল মোল্লার নির্দেশে পাঁচজন শ্রমিক ঢিবি থেকে মাটি কেটে সরিয়ে নিচ্ছেন। গত কয়েক দিনে ঢিবির দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৩০ বর্গফুট এলাকা আড়াই থেকে তিন ফুট গভীর করে মাটি কেটে সমান করা হয়েছে। ওই এলাকা থেকে প্রচুর পরিমাণে প্রাচীন ইট অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ওই স্থানটির সামান্য উত্তর দিকে ঢিবির মধ্যভাগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সতর্কীকরণ নোটিশ বোর্ড রয়েছে। সেখানে ১৯৬৮ সালের পুরাকীর্তি আইনের বিভিন্ন ধারা ও দণ্ডের কথা উল্লেখ করে স্থাপনা ধ্বংস, অনিষ্টসাধন, বিকৃতি বা অঙ্গচ্ছেদ না করতে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।
এই প্রতিবেদক সেখানে থাকা অবস্থায় শ্রমিকেরা স্থাপনার ভগ্নাবশেষের পূর্ব দিকের একটি থামের (পিলার) নিচের দিকের দুটি চৌকোনা পাথর তুলে ফেলেন। প্রায় দুই ফুট দৈর্ঘ্যের বর্গাকৃতি ওই বেলে পাথর দুটির উচ্চতা প্রায় ছয় ইঞ্চি।
২০১১ সালের ৩১ মার্চ স্বাক্ষরিত সংস্কৃতি মন্ত্রণালয়ের গেজেটের প্রজ্ঞাপন অনুযায়ী বড় আজিনা প্রত্নতাত্ত্বিক ঢিবিটি খানজাহান আলীর বসতভিটা থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। বর্তমানে তা বাগেরহাট শহরের সোনাতলা মৌজায় পড়েছে। জমির খতিয়ান নম্বর ৬২, দাগ নম্বর ৬৮৩। সংরক্ষিত জমির পরিমাণ ২ দশমিক ৯০ একর। এর মালিকানা রয়েছে দ্বীন মোহম্মদ মোল্লাসহ অপর কয়েক ব্যক্তির নামে। বর্তমানে এই ঢিবি ধ্বংস করে ঘর বানানোর কাজটি করছেন বুলবুল মোল্লা।
শুক্রবার বুলবুল মোল্লা বলেন, ‘আমরা উত্তরাধিকারসূত্রে এই জমির মালিক। আমি এখানে থাকার জন্য ঘর তুলছি।’ গতকাল শনিবার সকালে পাঁচ শ্রমিকসহ বুলবুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানার পুলিশ জানিয়েছে।
বাগেরহাট ষাটগম্বুজ জাদুঘরের কাস্টডিয়ানের চলতি দায়িত্বে থাকা ষাটগম্বুজ মসজিদের ইমাম মাওলানা মো. হেলাল উদ্দিন বলেন, ‘দুই দফায় ঘটনাস্থলে গিয়ে মাটি কাটতে নিষেধ করা হয়েছে। এতে ফল না পেয়ে আমরা বৃহস্পতিবার বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি করে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি দিয়েছি।’
বাগেরহাট সদরের ইউএনও এ এফ এম এহতেশামুল হক বলেন, ‘প্রত্নতত্ত্ব বিভাগের এ ধরনের কোনো অভিযোগের ব্যাপারে আমাকে কেউ অবহিত করেনি।’