
২৫ ফুটের ঝুপড়ি ঘর। ছাউনি ও বেড়া পলিথিনের। এই ঘরে গাদাগাদি করেই থাকছে ২৩ জন রোহিঙ্গা নারী-শিশু। বৃষ্টি হলেই শিশুদের নিয়ে নির্ঘুম রাত কাটছে মায়েদের। তারা মিয়ানমার থেকে কয়েক মাস আগে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে।
গত বৃহস্পতিবার দুপুরে শিবিরে গেলে সি ব্লকে দেখা যায় এ দৃশ্য। ঝুপড়িঘরে অবস্থানরত নারী-শিশুরা আসে রাখাইন রাজ্যের নাইছাপ্রু এলাকা থেকে। এখানে ছয় পারিবারের সদস্যরা রয়েছেন। পুরুষেরা আয়-রোজগারের জন্য গেছেন কক্সবাজার শহরে।
শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুন অর রশীদ বলেন, এ শিবিরে ২১টি ব্লকের আওতায় ৩ হাজার ৫২টি পরিবারে রোহিঙ্গা আছে প্রায় ২২ হাজার। ঘর রয়েছে প্রায় ৩ হাজার। ঘূর্ণিঝড়ে ৯৫ শতাংশ ঘর ভেঙে গেছে। কয়েকজন পলিথিন আর গাছের ডালপালা দিয়ে ঘর সংস্কার করলেও ১৫ হাজারের বেশি রোহিঙ্গা খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। গত বৃহস্পতিবার একটি বেসরকারি সংস্থা কয়েক হাজার রোহিঙ্গাকে এক প্যাকেট করে বিস্কুট দিয়েছে। খাবারের জন্য এখন অনেকে গ্রামগঞ্জে গিয়ে ভিক্ষা করছে।
এফ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা রহিমা বেগম (৪৫) বলেন, ‘চার মাস ধরে এই ঝুপড়ি ঘরে পড়ে আছি। মিয়ানমারে ফিরে যাওয়ার লক্ষণ দেখছি না। এত দিন এখানে খাওয়াদাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল। আর এখন থাকা নিয়ে ঝামেলায় পড়েছি। গত মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় মোরার আঘাতে সব ঘরবাড়ি ভেঙে গেছে।’ একই ব্লকের আরেক বাসিন্দা রোহিঙ্গা সালেহা বেগম (৩৫) বলেন, ত্রাণসামগ্রী পাওয়া যাচ্ছে না। রমজানে খাবার নিয়ে কষ্ট করতে হচ্ছে।
শিবির ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ঘরে ছাউনি উড়ে গেছে। চালায় পলিথিন দিয়ে কোনো রকমে থাকছেন তাঁরা। বাসিন্দারা শিবিরের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।
সি ব্লকের বাসিন্দা সলিম উল্লাহ (৫৬) বলেন, ঝুপড়ি ঘরে কিশোরী মেয়েদের রেখে কোথাও যাওয়া যাচ্ছে না। বখাটেরা ঘরে এসে উত্ত্যক্ত করে।
উখিয়া বন বিভাগের কর্মকর্তারা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বালুখালীর প্রায় ১৮০ হেক্টর বনভূমিতে গড়ে উঠেছে এই রোহিঙ্গা শিবিরটি। প্রতিদিন এখানে রোহিঙ্গারা আসছে। উজাড় হচ্ছে বনাঞ্চল। ঘরবাড়িগুলো তৈরি হচ্ছে বনের গাছ ও বাঁশ দিয়ে।
স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আবছার বলেন, গত বুধবার বেসরকারি একটি সংস্থা ২০০ পরিবারকে ঘরের ছাউনির জন্য ২০০টি পলিথিন দিয়েছে। কিন্তু অন্যরা কোনো সাহায্য-সহযোগিতা পাচ্ছে না।
২০১৬ সালের ৯ অক্টোবর রাখাইন রাজ্যের তিনটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশসহ ১৮ ব্যক্তি নিহত হন। এরপর সেখানে বিশেষ অভিযান শুরু করে সেখানকার সেনাবাহিনী ও পুলিশ। তখন রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসে অন্তত ৯০ হাজার রোহিঙ্গা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সূত্রমতে, বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে বর্তমানে ২ হাজার ৩০০ পরিবারের প্রায় ১২ হাজার রোহিঙ্গা রয়েছে। এর বাইরে উখিয়ার কুতুপালং, টেকনাফের লেদা শিবির ও বাহারছড়ার শামলাপুর এলাকায় আছে প্রায় ৭৪ হাজার রোহিঙ্গা।